২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাগপুর টেস্টে ভারতীয় দল থেকে বাদ পড়লেন সৌরভ গাঙ্গুলি

নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2006, 07:31 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

বৃহস্পতিবার ঘোষিত ১৫ সদস্যের ভারতীয় দলে নতুন দু’জন এবং দু’জনই বোলার। একজন পাঞ্জাবের ফাস্ট বোলার ভিআরভি সিং এবং অপরজন উত্তর প্রদেশের তরুণ লেগস্পিনার পিযূষ চাওলা।

এছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে চমৎকার ৪৮ রান করে আবারও দলে ফিরেছেন ব্যাটসম্যান ওয়াসিম জাফর।

সৌরভকে দল থেকে ছেঁটে ফেলার কারণ হিসেবে নির্বাচক কমিটির চেয়ারম্যান কিরণ মোরে সাংবাদিকদের জানিয়েছেন, বর্তমান পারফরম্যান্স এবং ভবিষ্যত দলের কথা ভেবেই সৌরভকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। সৌরভকে ভালো ক্রিকেটার হিসেবে বললেও দলে নতুনদের সুযোগ করে দেওয়ার চেষ্টা চলছে জানিয়েছেন মোরে।

ভবিষ্যতের কথা ভেবেই দলে চারজন ফাস্ট বোলার রেখেছেন নির্বাচকরা। আর এ ব্যাপারে তাদের যুক্তি হচ্ছে- ফাস্ট বোলাররা ভালো করলেও যে কোন সময় আঘাত হয়ে আসতে পারে ইনজুরি। আর সেক্ষেত্রে ব্যাকআপ হিসেবেই ইরফান পাঠান, রুদ্র প্রতাপ সিং এবং শ্রীশান্থের সাথে যোগ হলেন ভিআরভি সিং।

ব্যাটসম্যান ওয়াসিমের পুনরায় দলে ফেরা সম্পর্কে নির্বাচকরা ঘরোয়া ক্রিকেটে তার দুর্দান্ত পারফরম্যান্সকেই প্রাধান্য দিয়েছেন।

এদিকে পাকিস্তানের বিরদ্ধে শেষ ওয়ানডে ম্যাচে উরুর মাংসপেশীর ইনজুরির কারণে প্রত্যাশীতভাবেই দল থেকে বাদ পড়েছেন মিডলঅর্ডার ব্যাটসম্যান যুবরাজ সিং।

ভারতীয় স্কোয়াড:

ওয়াসিম জাফর, বীরেন্দ্র শেওয়াগ, রাহুল দ্রাবিড় (অধিনায়ক), শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, মোহাম্মদ কাইফ, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, ইরফান পাঠান, পিযূষ চাওলা, হরভজন সিং, অনিল কুম্বলে, শ্রীশান্থ, রুদ্র প্রতাপ সিং, ভিআরভি সিং।