হাঁটুর ইনজুরি সারাতে অসি বিশেষজ্ঞের শরণাপন্ন শোয়েব
পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতার তার বাঁ হাঁটুর বেয়াড়া ইনজুরি থেকে সেরে উঠতে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের শরাণাপন্ন হতে যাচ্ছেন।
চিকিৎসার জন্য কিছুদিনের মধ্যেই অস্ট্রেলিয়া উড়ে যাবেন শোয়েব। শোয়েবের হাঁটুর এমআরআই এবং এক্স-রে রিপোর্টে গোড়ালির চিড়ও ধরা পড়েছে। ফলে আসন্ন শ্রীলঙ্কা সফরেও পাওয়া যাচ্ছে না শোয়েবকে।
সব মিলিয়ে অবস্থা এতটাই খারাপ যে সময়মত সঠিক অস্ত্রপচার না হলে শোয়েবের অন্য হাঁটুও আক্রান্ত হতে পারে একই ইনজুরিতে। পাকিস্তান দলের মুখপাত্র সেলিম আলতাফের ভাষ্য এটি। কবে নাগাদ শোয়েব পুরোপুরি সেরে উঠবেন সে ব্যাপারেও কোন সদুত্তর দিতে পারেননি সেলিম।
ক্রিকেট মাঠে ব্যাটসম্যানদের পাশাপাশি পুরো ক্যারিয়ারে শোয়েবকে এই ইনজুরির সাথেও সমানতালে লড়তে হয়েছে। গত বছর অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের জয়ে তার বড় ধরনের ভূমিকা ছিলো। কিন্তু সম্প্রতি ভারতের বিরুদ্ধে সিরিজে খুব একটা স্বচ্ছন্দে বল করতে পারেননি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
আলতাফ আরও জানিয়েছেন, টেস্ট ম্যচগুলোতে বিশেষ করে ফ্ল্যাট পিচে বল করতে গিয়ে শোয়েব তার হাঁটু এবং গোড়ালির বারোটা বাজিয়েছেন।
পাকিস্তান এখন একটাই প্রার্থনা করতে পারে, আর সেটা হলো জুলাই-সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরের অগেই যেন শোয়েব সেরে ওঠেন। ইংল্যান্ড সফরে পাকিস্তান পাঁচটি টেস্ট এবং সমানসংখ্যক ওয়ানডে ম্যাচ খেলবে। ১৯৯৭ সালে আর্ন্তজাতিক ক্রিকেটাঙ্গনে পা রাখার পর থেকে এ পর্যন্ত শোয়েব টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে মোট ৩৬৪ উইকেট (টেস্টে ১৬৫, ওয়ানডেতে ১৯৯) শিকার করেছেন।
