এশিয়া কাপ বাছাই ফুটবলে উজবেকিস্তানের বিরুদ্ধে ০-৫ গোলে হেরেছে বাংলাদেশ
এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বে নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচে বুধবার উজবেকিস্তানের বিরুদ্ধে ০-৫ গোলের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ।
উজবেক রাজধানী তাসখন্দের পাকটাকর স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।
আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অনুষ্ঠিত খেলার দশ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক আমিনুল আহত হয়ে মাঠ ত্যাগ করেন। বিজয়ী দল প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায়। খেলার সাত মিনিট প্রথম গোল করে স্বাগতিকরা।
বাংলাদেশের মতিউর মুন্না নিজেদের সীমানায় ফাউল করলে পেনাল্টি লাভ করে উজবেকিস্তান। পেনাল্টি থেকে ২০ মিনিটে দ্বিতীয় গোল পায় তারা।
এছাড়া ৩৩, ৫৫ এবং ৮৪ মিনিটে বাকি তিনটি গোল হজম করে বাংলাদেশ। শুক্রবার দেশে ফিরবে ক্রুসিয়ানির দল।
বাংলাদেশ: আমিনুল (বিপ্লব), রজনী, সুজন, ফিরোজ মাহমুদ টিটু, হাসান আল মামুন, জয়, মুন্না (উজ্জ্বল), আরমান আজিজি, আরমান মিয়া, এমিলি এবং আলফাজ (কাঞ্চন)।
