২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে সংসদে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশে ক্রিকেট দল চার উইকেটে শ্রীলঙ্কা দলকে হারিয়ে দেওয়ায় বুধবার জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 07:03 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

সরকার দলীয় হুইপ রেজাইল বারী ডীনা সংসদের বৈঠকের দ্বিতীয় পর্বে এ প্রস্তাব উত্থাপন করেন। বৈঠকে সভাপতি ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী প্রস্তাবটি গ্রহণ করে সংসদে আলোচনার জন্য উত্থাপন করেন।

অনির্ধারিত এ আলোচনায় অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, কামালুজ্জামান তালুকদার, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, পানিসম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ, আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, ফারুক খান, শামসুর রহমান শরিফ ডিলু, জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরওয়ার, জাতীয় পার্টির নূর হাসনা লিলি চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী ও স্বতন্ত্র সাংসদ এমএ শাহীন।

সকল সাংসদ আলোচনায় দুর্ধর্ষ শ্রীলঙ্কা দলকে হারিয়ে বিজয়ী হওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানান। তারা জাতীয় ক্রিকেট দলের বিজয়ে অর্জিত ঐক্যকে জাতীয় ইস্যুতে কাজে লাগানোর আহ্বান জানান।

তারা বলেন, জাতীয় ইস্যুগুলোকে চিহ্নিত করে এমন ঐক্য দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।