নিজেদের মাঠেও শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যর্থ টাইগাররা
ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে হাবিবুল বাশাররা যে আশার কথা শুনিয়েছিলেন, তার ধারেকাছেও যেতে পারেননি তারা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে আগের পরিসংখ্যান বদলে ফেলতে মাঠে নামবো- সংবাদ সম্মেলনে বলা কথাগুলো মাঠে প্রমান করে দেখাতে পুরোপুরি ব্যর্থ বাশার বাহিনী। বগুড়া শহীদ চান্দু স্টেডয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ব্যাটসম্যানদের যাচ্ছেতাই ব্যাটিং আর যথারীতি বড় ব্যবধানে পরাজয় সবই হয়েছে আগেরমতই। শ্রীলঙ্কাও পেয়েছে পাঁচ উইকেটের সহজ জয়।
বাংলাদেশের ১১৮ রানের জবাবে সফরকারীরা ২৪ দশমিক এক ওভারেই পাঁচ উইকেট খুইয়ে ১১৯ রান তুলে সহজ পায়।
দেশের উত্তরাঞ্চলে এখনও শীতের রেশ পুরোপুরি কাটেনি। রাতের শিশির এখানকার খুব পরিচিত দৃশ্য। দিবারাত্রির ম্যাচে পরে যে দল ফিল্ডিং করবে সে দলের বোলারদের শিশিরের কারণে বল গ্রিপ করতে রীতিমত হিমশিম খেতে হয়। কথাটা বাংলাদেশ কোচ ডেভ হোয়াটমোর কিংবা অধিনায়ক বাশারের অজানা থাকার কথা নয়। কিন্তু তারপরও বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশার কেন যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন তা বোঝা গেল না। তারপর আবার ব্যাট হাতে পুরো দল যা করলো তাকে একথায় ভয়ঙ্করই বলা চলে। লঙ্কান দুই পেসার রুচিরা পেরেরা আর ফারভেজ মাহরুফের বোলিং তান্ডবেই হুমড়ি খেয়ে পড়ল বাশারের দল। মাত্র ১১৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। আতাপাত্তু, মুরালিধরন আর চামিন্দা ভাস বিহীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে এভাবেই ভেঙ্গে পড়ল বাংলাদেশ।
ব্যাট হাতে ব্যাটসম্যানদের আত্মহুতি দেওয়ার সেই পুরনো রীতি এখনও বহাল রয়েছে। দলের পাঁচ রানেই মাহরুফের অফস্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মারতে গিয়ে উইকেটরক্ষক সাঙ্গাকারার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস (০)।
আরেক উদ্বোধনী ব্যাটসম্যান রাজিন সালেহ শুরু থেকেই ছিলেন হিসেবী। দেখেশুনে বল খেলায় মনোযোগ দেন রাজিন। উইকেটে তখন তার সঙ্গী কিছুদিন আগে জন্ডিস থেকে সেরে ওঠা আফতাব আহমেদ। আফতাব ক্রিজে থাকা মানেই রান আসতে থাকা। হয়েছেও তাই। একটি চার আর একটি ছক্কা মেরে নিজের অস্তিত্ত্ব জানান দিচ্ছিলেন চট্টলার এই তরুণ। কিন্তু ওই পর্যন্ত গিয়েই থেমে যেতে হলো তাকে। এবার আঘাত হানেন পেরেরা। পেরেরার আগের বলেই ছক্কা হাঁকিয়ে নিজের আত্মবিশ্বাসটা তুঙ্গে নিয়ে তুলেছিলেন, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসই আফতাবের ঝড়ো ইনিংসের সমাপ্তির কারণ হয়ে এলো। পেরেরার পরের বলেই ডাউন দ্য উইকেট খেলতে গিয়ে উপড়ে যায় আফতাবের স্ট্যাম্প। যাওয়ার আগে ১৮ বলে ২১ রান করে যান তিনি।
উইকেটে আসেন লিটল মাষ্টার মোহাম্মদ আশরাফুল। কিন্তু শহীদ চান্দু স্টেডিয়ামের দর্শকরা নড়েচড়ে বসার আগেই মাহরুফের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন রাজিন সালেহ (৭)। দলের রান তখন ৩৫। এ অবস্থায় পুরো চাপটা এসে পড়ে আশরাফুল এবং অধিনায়ক হাবিবুল বাশারের কাঁধে। কিন্তু দু’জনই ব্যর্থ। রাজিনের আউটের পর এক রান যোগ হতেই মাহরুফের তৃতীয় শিকারে পরিনত হন আশরাফুল। সাত বল খেলে একটি বাউন্ডারি হাঁকাতে পেরেছিলেন বাংলাদেশের অন্যতম ব্যাটিং স্তম্ভ।
ভরসা ছিল খালেদ মাসুদের ব্যাটে। কারণ বিপদে মাসুদের ব্যাট পরীক্ষিত। কিন্তু এবার মাসুদ ব্যর্থ। পেরেরার বল মাসুদের (০) ব্যাট ছুঁয়ে সাঙ্গাকারার হাতে আশ্রয় নেয়। ৩৭ রানেই বাংলাদেশের ফ্রন্টলাইন বিধ্বস্ত।
ক্যারিয়ারে শেষবারের মত ব্যাট হাতে মাঠে নামেন খালেদ মাহমুদ। শেষ ম্যাচ বলে কিনা মাটি কামড়ে লড়ে গেছেন ‘চাচা’। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রানটিও আসে তার ব্যাট থেকে। ষষ্ঠ উইকেট জুটিতে বাশারকে সাথে মাহমুদ নিয়ে ১৪ রান যোগ করেন। ৬২ বলে সাজানো মাহমুদের ৩৬ রানের লড়াকু ইনিংসটির যবনিকা ঘটে জয়সুরিয়ার ঘূর্ণিবলে। চারটি বাউন্ডারি এবং একটি ছক্কার মাধ্যমে এই রান করেন বাংলাদেশ দলের দীঘদিনের এই যোদ্ধা।
শেষদিকে অলক কাপালীর ১৯ রান দলের রানকে শতকের ঘর পেরোতে সহায়তা করা ছাড়া আর কিছুই করতে পারেনি।
লঙ্কান রুচিরা পেরেরা এবং ফারভেজ মাহরুফ তিনটি করে উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। দু’টি করে উইকেট তুলে নিয়েছেন দিলহারা ফার্নান্ডো এবং জয়সুরিয়া।
সহজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে সফরকারীদেরও কম ঘাম ঝরাতে হয়নি, হারাতে হয়েছে পাঁচটি উইকেট। পুরো ম্যাচে বাংলাদেশের কৃতিত্ব বলতে ছিল এই পাঁচ উইকেট শিকার, কারণ ম্যান অব দ্য ম্যাচের সান্ত¡না পুরস্কারটাও নিয়ে গেছেন লঙ্কান বোলার রুচিরা পেরেরা। দলীয় ১১ রানে জেহান মুবারককে (৪) হারিয়ে শ্রীলঙ্কার শুরুটাও ছিল নড়বড়ে। কিন্তু এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দ্বিতীয় উইকেট জুটিতে সাঙ্গাকারাকে নিয়ে ৩০ রান যোগ করেন জয়সুরিয়া, তবে নিজে বেশিদুর এগুতে পারেননি। ১৩ রান করে মাশরাফির বলে বোল্ড হন লঙ্কান এই হার্ডহিটিং উদ্বোধনী ব্যাটসম্যান।
এরপর তৃতীয় উইকেট জুটিতে ৭০ রান তুলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন সাঙ্গাকারা এবং অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। কিন্তু দলীয় ১১১ রানের মাথায় ছোটখাট একটা মড়ক লাগে শ্রীলঙ্কান ব্যাটিংলাইনে। প্রথমে সাঙ্গাকারা ৫০ রান করে অলক কাপালীর ঘূর্ণিবলে মাশরাফির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। পরের ওভারেই কাপুগেদারাকে ফিরিয়ে দেন মোহাম্মদ রফিক। ছয় রান পর তিলকরত্নে দিলশানও প্যাভিলিয়নের পথে হাঁটেন। রফিকের মায়াবী স্পিনে দিলশানের উইকেট উপড়ে যায়।
শেষ পর্যন্ত অধিনায়কের হাত ধরেই জয় পেয়ে যায় শ্রীলঙ্কা। ৪৭ বলে পাঁচটি চারে ৩৭ রান করে অপরাজিত থাকেন লঙ্কান দলপতি জয়বর্ধনে। একই মাঠে বুধবার দ্বিতীয় ম্যাচ খেলবে দু’দল।
