২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ক্রিকেট পাগল দর্শকদের চরম দুর্ভোগ

প্রথমবারের মত বগুড়ায় আর্ন্তজাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আর এই ম্যাচকে ঘিরে পুরো স্টেডিয়ামজুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু এই নিরাপত্তাই যে অনেকে দর্শকের জন্য চরম দুর্ভোগ বয়ে আনবে তা কে জানতো। কিন্তু আদতে হয়েছে তাই। নিরাপত্তার বাড়াবাড়ির কারণে অনেক দর্শক মাঠেই ঢুকতে পারেননি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2006, 09:41 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

যে ম্যাচ দেখতে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক ভিড় করেন বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে সেই ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ পাঁচ উইকেটে হেরে গেছে।

অধিকাংশ দর্শকের গায়ে ছিল লালসবুজ টি শার্ট, মাথায় জাতীয় পতাকা বাধা। বুকেও আঁকা ছিল লালসবুজ পতাকা। এদের মধ্যে আবার উল্লেখযোগ্য সংখ্যক মহিলা ও শিশুও ছিল। দিবারাত্রির ম্যাচ, তারপরও সকাল থেকেই স্টেডিয়ামের গেটগুলোতে হাসিমুখে দর্শকদের লম্বা সারি কিছুটা দৃষ্টিকটুই ঠেকেছে। কিন্তু তারপরও আশায় বুক বেঁধেছিলেন সবাই, একসময় হয়তো ঢুকতে পারবেন মাঠে।

তাদের সেই হাসিমাখা মুখ অন্ধকার হতে বেশি সময় লাগেনি। কৃর্তপক্ষের নেওয়া কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে যখন টিকিট কেটেও অনেকে শুধুমাত্র খাবার এবং পানির বোতল সাথে থাকায় মাঠে ঢুকতে পারেননি, তখন হতভম্ব হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না তাদের।

এ সময় অনেক দর্শককে সন্তানদের জন্য হলেও পানির বোতল নিয়ে ঢোকার অনুমতি চেয়েও নিরাপত্তা কর্মীদের মন গলাতে পারেননি। নিরাপত্তার দোহাইয়ের কাছে সব আবেদন নিবেদন মুখ থুবড়ে পড়ে।

ক্রিকেট ম্যাচকে ঘিরে শহীদ চান্দু স্টেডিয়ামের আশেপাশে র‌্যাব, বিডিআর এবং পুলিশের ১৮ হাজার সদস্য মোতায়েন ছিল।

সোনার হরিণে পরিণত হওয়া এক গ্লাস পানি বিক্রি হয়েছে তিন থেকে চার টাকায়। পানি বিক্রেতাদের এ সময় পানি নিয়ে ছুটোছুটি করতে দেখা গেছে। পানির জন্য ক্রন্দনরত শিশুদের আহাজারিতে পুরো স্টেডিয়ামে এক নারকীয় অবস্থার সৃষ্টি হয়।

বিস্ময়কর হলেও সত্যি পানির জন্য যারাই স্টেডিয়ামের বাইরে গেছেন তাদেরকে পরে আর স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হয়নি। এর অবশ্য ভিন্ন কারণও রয়েছে। গ্যালারী জুড়ে তখন ঠাঁই নাই ঠাঁই নাই অবস্থা। এমনকি হাতে টিকিট থাকা সত্ত্বেও নিরাপত্তাকর্মীরা গেট বন্ধ করে দেওয়ায় কয়েক হাজার দর্শক স্টেডিয়ামে প্রবেশ করতে পারেনি।

স্টেডিয়ামে ঢুকতে ব্যর্থ অনেক দর্শকদের এ সময় নিরাপত্তাকর্মীরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের পরামর্শ দেয়।

‘নিজেদের মাঠে আর্ন্তজাতিক ক্রিকেট ম্যাচ দেখার জন্য আমরা টিকিট কিনেছি। বসার জায়গা না পেলে দাঁড়িয়ে খেলা দেখবো, তারপরও আমাদের স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হোক’ এমনই ছিল ক্রিকেট পাগল বগুড়ার দর্শকদের আবেদন।

রাজশাহী থেকে খেলা দেখতে আসা এক দর্শক বিডিনিউজকে জানান, তিনি নির্ধারিত মূল্যের চাইতে পাঁচগুন বেশি দাম দিয়ে টিকিট কিনলেও মাঠে ঢুকতে পারেননি।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টিকিট অ্যান্ড সিটিং কমিটির ভাইস চেয়ারম্যান আলী হোসেন জানান, তাদের ধারনা ছিল স্টেডিয়ামের ধারনক্ষমতা ১৩ থেকে ১৪ হাজার, কিন্তু তারপরও এই ম্যাচের জন্য ১৮ হাজার টিকিট ছাড়া হয়েছিল।

তার মানে দাঁড়াচ্ছে টিকিট থাকা সত্ত্বেও চার থেকে পাঁচ হাজার দর্শক স্টেডিয়ামে ঢুকতেই পারেননি।