রাজধানীতে বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ
বাংলাদেশ গলফ ফেডারেশনের ব্যবস্থাপনায় বুধবার থেকে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হচ্ছে কটন গ্রুপ ২১ তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ (বিএজিসি)।
সেনাবাহিনী প্রধান এবং গলফ ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল মঈন ইউ আহমেদ চারদিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
এবারই প্রথম গলফ ফেডারেশন এই প্রতিযোগিতা আযোজন করছে। এর আগের সব প্রতিযোগিতাই কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত হয়েছে।
আর্ন্তজাতিক এই প্রতিযোগিতার দলগত ইভেন্টে ছয়টি দেশ অংশগ্রহন করবে বলে গলফ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শফিকুজ্জামান সোমবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। অংশগ্রহনকারী দেশগুলো হচ্ছে- ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান এবং স্বাগতিক বাংলাদেশ।
এছাড়া টুর্নামেন্টের ব্যক্তিগত ইভেন্টে ১৩ জন মহিলাসহ মোট ২০ জন গলফ খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ১৬ জনই দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়। ফিলিপাইন, তুরস্ক, ফ্রান্স এবং হল্যান্ড থেকে একজন করে গলফার অংশগ্রহন করবেন।
বিএজিসি আয়োজক কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার কমোডর (অবঃ) রাশেদুল হক, কটন গ্রুপের চেয়ারম্যান শাহীন মাহমুদ, কর্ণেল (অবঃ) সৈয়দ আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
