পাকিস্তান অনুর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন
আইসিসি অনুর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান অনুর্ধ্ব ১৯ দল। রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে লো স্কোরিং ফাইনালে ভারতে ৩৮ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় পাকিস্তান।
প্রথম ব্যাট করে পাকিস্তান ৪১ দশমিক এক ওভারে মাত্র ১০৯ রানে অল আউট হয়ে যায়। দুই ভারতীয় বোলার জাদেজা এবং পিযূষ চাওলা পাকিস্তানের সাতটি উইকেট ভাগাভাগি করে নেন। জাদেজা ১৬ রানে তিনটি এবং পিযূষ মাত্র আট রান দিয়ে চারটি উইকেট লাভ করেন।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন রামিজ রাজা। বিজয়ীদের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান আসে অতিরিক্ত থেকে।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানের পেসার আনোয়ার আলীর তোপের মুখে পড়েন ভারতীয় যুবারা। বিস্ময়কর হলেও সত্যি এক পর্যায়ে নয় রানের মধ্যে ছয় ভারতীয় ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। কাকতালীয়ভাবে তাদের ইনিংসেও সর্বোচ্চ রান ২৫, আর এর মালিক বল হাতে চার উইকেট শিকার করা পিযূষ চাওলা। ভারতীয় দলের নয় বাটসম্যান ডাবল ফিগারেই পৌঁছাতে পারেননি।
পাকিস্তানের পেসার আনোয়ার আলী ৩৫ রান খরচায় তুলে নেন পাঁচ উইকেট। এছাড়া আক্তার আইয়ুব নয় রানে তিনটি এবং জামশেদ আহমেদ ২৪ রানে দুই উইকেট লাভ করেন।
ম্যাচজয়ী বোলিংয়ের জন্য ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা আনোয়ারের দখলেই গেছে। তবে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ভারতের সিএ পুজারা।
