২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার বিরুদ্ধে ইতিহাস গড়তে সোমবার মাঠে নামছে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিরুদ্ধে এর আগে যতগুলো সিরিজ খেলেছে বাংলাদেশ, তার সবকাটতেই ফলাফল স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কার পক্ষেই গেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2006, 08:20 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

তবে এর মধ্যে সময় গড়িয়েছে অনেক। সময়ের পরিক্রমায় হাবিবুল বাশারের দল এখন অনেক পরিনত। আর সেই ভরসাতেই নিজেদের বিপক্ষে আগের পরিসংখ্যান বদলে ফেলতে বদ্ধপরিকর বাংলাদেশ সোমবার বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম ওয়ানডে খেলতে নামছে সফরকারী শ্রীলঙ্কার বিরুদ্ধে।

অধিনায়ক হাবিবুল রোববার স্থানীয় স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেরকমই আভাস দিলেন। ‘শ্রীলঙ্কার বিরুদ্ধে আগের সিরিজগুলোতে আমরা ভালো খেলতে পারিনি, এবার তাদের বিরুদ্ধে আগের পরিসংখ্যান বদলে নিজেদের পক্ষে নিয়ে আসতে চাই। আমরা আশাবাদী এবং পজিটিভ। কিছু একটা করার জন্যই আমরা সোমবার মাঠে নামবো।’ বাশারের কথাগুলো পরিনত আত্মবিশ্বাসের মতই শোনালো।

শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে ১৪টি ওয়ানডে খেলে সবকটিতেই হেরেছে বাংলাদেশ। সোমবার বাংলাদেশ খেলবে ১১৬ তম ওয়ানডে।

সংবাদ সম্মেলনে বাশারের পাশে উপস্থিত ছিলেন দলের কোচ ডেভ হোয়াটমোর। সফরকারী শ্রীলঙ্কা দলটিকে কোন মতেই দ্বিতীয় সারির দল বলতে নারাজ বাশার। লঙ্কান দলটিতে কয়েকজন সিনিয়র ক্রিকেটার না থাকলেও রয়েছেন বেশ কয়েকজন তরুণ উদীয়মান ক্রিকেটার।

তারপরও মুরালিধরন দলে না থাকায় বাশারকে অনেকটাই ভারমুক্ত মনে হলো। বিষয়টিকে বাশার ব্যাখ্যা করেন এভাবে- ‘মুরালির অনুপস্থিতি শুধু বাংলাদেশ নয় যে কোন দলের জন্যই স্বস্তিদায়ক।’

কোচ ডেভ হোয়াটমোর জানালেন, যদিও বাংলাদেশ গতবছর শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো খেলতে পারেনি, এশিয়া কাপেও পারফরম্যান্স ছিল বাজে, তারপরও শ্রীলঙ্কার বিপক্ষে অনেক ভালো খেলার যোগ্যতা বাংলাদেশের রয়েছে।

ডেভ বলেন, সবদিকেই পারদর্শী এবং দলের প্রয়োজনে নীচের দিকে ব্যাট করার মত কার্যকর ক্রিকেটার গড়ে তোলার ধারা আমাদের অব্যাহত রাখতে হবে। ওয়ানডেতে দশ উইকেট নেওয়ার চাইতে বেশি রান করাটাই যে বেশি গুরুত্বপূর্ন সেটা আবারও মনে করিয়ে দিলেন অস্ট্রেলিয়ান এই কোচ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডের জন্য হোয়াটমোর এরইমধ্যে ১২ সদস্যের বাংলাদেশ স্কোয়াডও ঘোষণা করেছেন। ডেভের ঘোষিত দলে জায়গা করে নিয়েছেন অল রাউন্ডার অলক কাপালী। আর কাপালীর দলভুক্তিতে একটা ব্যাপার পরিস্কার, সাত অথবা আট নম্বরে ব্যাট হাতে দেখা যাবে তাকে। আর সুপার সাবের ভূমিকায় থাকবেন আব্দুর রাজ্জাক রাজ।

এদিকে বাংলাদেশকে মোটেই হালকাভাবে দেখছেন না শ্রীলঙ্কার কোচ টম মুডি। ‘আমি বাংলাদেশকে মোটেই দুর্বল ভাবছি না, যে দল অস্ট্রেলিয়াকে হারাতে পারে তাদের কোন মতেই দুর্বল বলা চলে না।’ অন্তরে যাই থাকুক না কেন, মুডির মুখের সার্টিফিকেট তো পাওয়া গেল।

বাংলাদেশের বিরুদ্ধে তার দল নিজেদের আসল খেলাটাই খেলার চেষ্টা করবে বলে জানালেন সফরকারী দলের কোচ। আর সম্প্রতি ভিবি সিরিজে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে পারফরম্যান্স ছিল তা ধরে রাখার কথা বললেন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে।

জয়বর্ধনে বলেন, আমরা অস্ট্রেলিয়ায় যেভাবে খেলেছি তাতে আমি এখানেও ভালো খেলার ব্যাপারে আশাবাদী। বাংলাদেশের বিরুদ্ধে আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

নিজের দল সর্ম্পকে জয়বর্ধনে জানালেন, দলে অভিজ্ঞতার ঘাটতি থাকলেও একেবারে খারাপ দল নয়।

বগুড়া স্টেডিয়াম সম্পর্কে লঙ্কান অধিনায়কের মন্তব্য- বেশ ভালো এবং ফ্লাট, স্লো বোলরার টার্ন পাবেন বলে তার ধারনা।

বাংলাদেশ স্কোয়াড: হাবিবুল বাশার (অধিনায়ক), খালেদ মাসুদ, খালেদ মাহমুদ, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ, আফতাব আহমেদ, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা, অলক কাপালী, এসকে রাসেল এবং আব্দুর রাজ্জাক রাজ।

শ্রীলঙ্কার স্কোয়াড (সম্ভাব্য): মাহেলা জয়বর্ধনে (অধিনায়ক), কুমার সাঙ্গাকারা (সহ অধিনায়ক), উপল থারাঙ্গা, জেহান মুবারক, সনথ জয়সুরিয়া, তিলকরত্নে দিলশান, চামারা কাপুগেদারা, ফারভেজ মাহরুফ, হাসান্থা ফার্নান্ডো, ধাম্মিকা প্রসাদ, দিলহারা ফার্নান্ডো, রুচিরা পেরেরা, আকালাঙ্গা গানেগামা, মালিঙ্গা বান্দারা, কৌশল্য লোকুয়ারাচ্চি।