জাতীয় ক্রিকেটের চারদিনের ম্যাচে শীর্ষ দল ঢাকার পাশে রাজশাহী
ইস্পাহানী মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগে চারদিনের ম্যাচের পয়েন্ট তালিকায় শীর্ষ দল ঢাকার পাশে এসে দাঁড়িয়েছে রাজশাহী।
শনিবার রাজশাহী নিজেদের মাঠে ঢাকাকে ২১৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠে আসে।
লিগের চতুর্থ রাউন্ড পর্যন্ত টানা অপরাজিত থাকার পর ঢাকার বাইরে গিয়েই সীমিত ওভার এবং লংগার ভার্সন- দুই ধরনের ম্যাচেই হারের মুখ দেখল ঢাকা। দুই দলই সমান ২০ পয়েন্ট করে সংগ্রহ করেছে।
এদিকে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকরা সিলেটের বিরুদ্ধে জয়ের জন্য লড়ছে আর এর জন্য তাদের প্রয়োজন ৩১৩ রান। সিলেটের ৪৪৫ রানের পেছনে ছুটে খুলনা দ্বিতীয় ইনিংসে দিন শেষে চার উইকেটে ১৩১ রান করেছে।
অন্যদিকে ধানমন্ডি স্টেডিয়ামে চট্টগ্রাম ও বরিশালের মধ্যকার ম্যাচটি এগুচ্ছে নি®প্রাণ ড্রয়ের দিকে। চট্টগ্রামের প্রথম ইনিংসে ৪৭১ রানের জবাবে বরিশাল তৃতীয় দিন শেষে সাত উইকেটে ৩১৯ রান সংগ্রহ করেছে।
ঢাকা বনাম রাজশাহী
ম্যাচের একদিন বাকি থাকলেও রাজশাহীর দুই বোলার মুশফিকুর রহমান এবং শাফাক আল জাবির ঢাকার সাতটি উইকেট ভাগাভাগি করে নিলে রাজশাহী চতুর্থ দিন মাঠে নামার বিড়ম্বনা থেকে রেহাই পায়।
প্রথম ইনিংসে ১৭৭ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ঢাকা ১৩০ রানের স্বল্প সংগ্রহেই গুটিয়ে যায়। ঢাকার সামনে ৩৪৯ রানের জয়ের টার্গেট দিয়েছিল রাজশাহী।
ঢাকার পক্ষে আল শাহরিয়ার রোকন দ্রুতগতিতে ৪০ রান করেন। এছাড়া শাহাদত হোসেন ২৩, মাহমুদুল্লাহ ১৬ এবং মোকলেসুর রহমান ১৪ রান করেন।
স্বাগতিক দলের মুশফিকুর রহমান চারটি এবং শাফাক আল জাবির তিন উইকেট লাভ করেন।
এর আগে রাজশাহী দ্বিতীয় ইনিংসে দুই উইকেটে ১২০ রান নিয়ে দিনের খেলা শুরু করে এবং ২৪২ রানে অলআউট হয়ে যায়।
সিলেট বনাম খুলনা
নিজেদের মাঠে সিলেটের বিরুদ্ধে পরাজয় এড়াতে হলে ম্যাচের শেষ দিন স্বাগতিকদের আরও ৩১৩ রান করতে হবে। হাতে রয়েছে ছয় উইকেট। নাজমুস সাদাত ৫৫ এবং শহীদ এক রানে ক্রিজে রয়েছেন।
এর আগে সিলেট দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ১০৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে এবং সবকটি উইকেট হারিয়ে ২২২ রান করে। সব মিলিয়ে ৪৪৪ রানের লিড নেয় অতিথিরা।
সিলেটের গোলাম রহমান ৮২ এবং তাপস বৈশ্য ৩১ রান করেন।
চট্টগ্রাম বনাম বরিশাল
তৃতীয় দিনের খেলা শেষে বরিশালের স্কোর বোর্ডে জমা পড়েছে ৩১৯ রান। এজন্য অবশ্য সাতটি উইকেট হারাতে হয়েছে তাদের। হান্নান সরকার সর্বোচ্চ ৯১ রান করেন। এছাড়া ইমরান আহমেদ ৬৩ এবং হুমায়ুন কবির ৫৪ রান করেন।
দিনশেষে তৌহিদ হোসেন ৩২ এবং আরাফাত সালাহউদ্দিন চার রানে অপরাজিত রয়েছেন।
