এশিয়া কাপ বাছাই পর্ব খেলতে উজবেকিস্তান গেলো ফুটবল দল
সম্মানজনক ফলাফলের প্রত্যয় নিয়ে শনিবার উজবেক রাজধানী তাসখন্দ উড়ে গেলো বাংলাদেশ ফুটবল দল। উজবেকিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের মধ্য দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান।
র্যাংকিংয়ে এশিয়ার আট নম্বর উজবেকিস্তানের বিরুদ্ধে বুধবার মাঠে নামার আগে সেখানকার আবাহওয়া ও পরিবেশের সাথে ধাতস্থ হওয়ার জন্য তিনদিন সময় পাবে ২১ সদস্যের বাংলাদেশ দল।
কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির মন্তব্যেও ছিল ভালো খেলা এবং সম্মানজনক ফলাফল করার সংকল্প। ‘আমাদের লক্ষ্য হচ্ছে শক্তিশালী উজবেকিস্তানের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স প্রদর্শন করা এবং সম্মানজনক ফলাফল করা’ দেশত্যাগের আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলনে কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন কথাই বললেন ক্রুসিয়ানি।
ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, সহকারী সাধারণ সম্পাদক এবং দলনেতা আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, ম্যানেজার ছ্ইাদ হাছান কানন এবং অধিনায়ক আরিফ খান জয় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
ক্রুসিয়ানি জানান, উজবেকিস্তানের বিরুদ্ধে জয় পাওয়াটা খুবই কঠিন হবে, তবে ফুটবলাররা ভালো খেলার দিকে মনোনিবেশ করলেই তিনি খুশি হবেন।
উজবেকিস্তানের কনকনে ঠান্ডা আবাহওয়াতে বাংলাদেশের প্রতিপক্ষ দু’টি। একটি অবশ্যই শক্তিশালী স্বাগতিক দেশ এবং অপরটি ওই ঠান্ডা আবহাওয়া। একই অভিমত ক্রুসিয়ানিরও।
দলের প্রস্তুতির ব্যাপারে কোচের তৃপ্তির পরিমান যে খুব বেশি ছিল তা বলা যায়না। সংবাদ সম্মেলনে তিনি সেটা প্রকাশও করলেন বেশ খোলাখুলিভাবে। ‘দলের প্রস্তুতিতে আমি খুশি নই, তাছাড়া ম্যাচ প্র্যাকটিসের অভাবে ফুটবলারদের প্রকৃত অবস্থাটাও জানা যায়নি’ বললেন ৪১ বছর বয়স্ক এই আর্জেন্টিনার কোচ।
অধিনায়ক জয় অনেকটা কোচের কথারই পুনরাবৃত্তি করলেন এভাবে- ভালো খেলা এবং উজবেকিস্তানের বড় জয় ঠেকানোই আমাদের লক্ষ্য।
উজবেকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ চার ডিফেন্ডার, চার মিডফিল্ডার এবং দুই সেন্ট্রাল ডিফেন্ডার নিয়ে রক্ষনাত্মক কৌশলই অবলম্বন করবে বলে জানালেন কোচ ক্রুসিয়ানি।
বাংলাদেশ স্কোয়াড: আমিনুল, বিপ্লব, হাসান আল মামুন, নজরুল, রজনী, সুজন, টিটু, পারভেজ বাবু, জয়, আরমান আজিজি, আরমান, মতিউর মুন্না, উজ্জ্বল, আবুল, ফরহাদ, কাঞ্চন, আলফাজ, এমিলি।
কর্মকর্তা: আশরাফউদ্দিন আহমেদ চুন্নু (দলনেতা), ছাইদ হাছান কানন (ম্যানেজার), ডিয়েগো ক্রুসিয়ানি (কোচ), অ্যারিয়েল কোলম্যান (ট্রেইনার)।
