আইসিসি শোয়েবের বোলিং অ্যাকশন পরীক্ষা করবে না: শাহরিয়ার খান
পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতারকে আবার আইসিসি’র বোলিং প্যানেলের সামনে পরীক্ষা দিতে হবে এ ধরনের বক্তব্য অস্বীকার করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’র চেয়ারম্যান শাহরিয়ার খান।
শাহরিয়ার খান বলেন, “আমাদের কাছে কোন অভিযোগ পাঠানো হয়নি এবং বোলিং অ্যাকশনে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। শোয়েবের বোলিং অ্যাকশনের অবস্থা বর্তমানে চমৎকার।”
তিনি আরও বলেন, “আইসিসি আমাকে জানিয়েছে, শোয়েবের বোলিং অ্যাকশনের বিরুদ্ধে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। যদি সন্দহজনক কিছুই থাকতো তাহলে তা বের হয়ে আসতো এবং আইসিসি’র কাছে অভিযোগ দায়ের করা হত।”
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক আবার সন্দেহজনক বোলিং অ্যাকশন পরীক্ষার সম্মুখীন পিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতার এবং পুনরায় তদন্ত থেকে নিজেকে রক্ষা করার জন্যই শোয়েব গোড়ালির ইনজুরির কারণ দেখিয়ে নিজেকে ওয়ান ডে সিরিজ থেকে প্রত্যাহার করে নিলেন, সম্প্রতি কয়েকটি সংবাদপত্রে এ ধরনের সংবাদ ছাপা হয় তারই প্রতিবাদে শাহরিয়ার খান এ সব কথা বলেন।
পিসিবি প্রধান বলেন, “আইসিসি শোয়েবকে তিনবার পরীক্ষা করেছে এবং খেলার জন্য ফিট বলেও জানিয়েছে। ম্যাচ রেফারি এবং আম্পায়াররা সন্দেহজনক কিছুই খুঁজে পায়নি।”
শোয়েবের গোড়ালির ইনজুরি সম্পর্কে তিনি বলেন, “শোয়েবের গোড়ালির অবস্থা আসলেই খারাপ। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার সময়ই তার গোড়ালিতে ব্যথা ছিল। তিনি আসলেই ইনজুরি পড়েছেন এবং ভারতের বিরুদ্ধে তার না খেলার পিছনে কারণ শুধু এটাই।”
