চারদিনের ম্যাচে ঢাকার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রাজশাহী
ইস্পাহানি মির্জাপুর চা ৭ম জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে চলতি চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনে এখন পর্যন্ত অপরাজিত ঢাকাকে অল্প ব্যবধানে অলআউট করে দিয়ে ম্যাচে চালকের আসনে অবস্থান করছে রাজশাহী।
শুক্রবার ঢাকা প্রথম ইনিংসে ১৭৭ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রাজশাহী দিন শেষে দুই উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে। ম্যাচে তাদের লিড ২২৬ রানের।
প্রথম ইনিংসে রাজশাহী ২৮৩ রান করে।
খুলনা স্টেডিয়ামে সফরকারী সিলেট স্বাগতিকদের উপর পুরোপুরি প্রাধান্য বিস্তার করতে সক্ষম হয়েছে। প্রথম ইনিংসে ৩৬০ রান করা সিলেট স্বাগতিক খুলনাকে প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রানে অলআউট করে দিয়েছে।
দ্বিতীয় দিন শেষে সিলেট এক উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে। ম্যাচে সফরকারী সিলেটের লিড ৩২৫ রানের।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামের ৪৭১ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে বরিশাল বিনা উইকেটে ৮৪ রান সংগ্রহ করেছে।
ঢাকা বনাম রাজশাহী
বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ১৭৭ রানে অলআউট হয়ে যাওয়ায় প্রথম ইনিংসে রাজশাহী এগিয়ে থাকে ১০৬ রানে।
ঢাকার সবচেয়ে সফল ব্যাটসম্যান সাজ্জাদ হোসেন । তিনি ৩৩ রান করেন। এছাড়া সাজ্জাদ কাদির ২৫ ও কামরুল ইসলাম ২৩ রান করেন।
ঢাকার ইনিংসের সাতটি উইকেট ভাগ করে নেন ফরহাদ হোসেন, সাফাক আল হাসান ও কামরুল ইসলাম। ফরহাদ তিনটি এবং সাফাক ও কামরুল প্রত্যেকে দু’টি করে উইকেট লাভ করেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রাজশাহী জুনায়েদ ও জহুরুলের উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করেছে। দলীয় আট রানের মাথায় জুনায়েদ আউট হয়ে গেলেও জহুরুল ও ফরহাদ দ্বিতীয় উইকেট জুটিতে ৯৪ রান সংগ্রহ করেন। জহুরুল ৬০ রান করে কামরুলের বলে লেগ বিফোর উইকেট হন। ফরহাদ হোসেন ৪৬ রানে ও নাঈম ইসলাম ছয় রানে অপরাজিত রয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর : রাজশাহী প্রথম ইনিংস ২৮৩ (অলআউট)ও দ্বিতীয় ইনিংস ১২০/২
ঢাকা প্রথম ইনিংস ১৭৭ অলআউট (৫৯ দশমিক ৫ অভার)
সিলেট বনাম খুলনা
স্বাগতিক খুলনা প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রানে অলআউট হয়ে যাওয়ায় প্রথম ইনিংসে ৩৬০ রান করার সুবাদে সফরকারী সিলেট প্রথম ইনিংসে এগিয়ে থাকে ২২২ রানে।
খুলনার দুই উদ্বোধনী ব্যাটসম্যান পঞ্চাশ রানের জুটি উপহার দিলেও পরের দিকের ব্যাটসম্যানরা তাদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। আসলাম খান দলীয় সর্বোচ্চ ৩৩ ও নাজমুস সাদাত ২৭ রান করেন।
জাতীয় দলের সাবেক ফাস্ট বোলার হাসিবুল হোসেন শান্ত পাঁচ উইকেট নিয়ে খুলনাকে দেড়শ’র নিচে অলআউট করে দেওয়ার পিছনে মূল ভূমিকা রাখেন।
এর আগে আট উইকেটে ৩২৬ রান নিয়ে খেলতে নেমে সিলেট প্রথম ইনিংসে শেষ পর্যন্ত ৩৬০ রান করতে সমর্থ হয়। আগের দিনে ৮২ রানে অপরাজিত থাকা রেজাউল হক শেষ পর্যন্ত ১০৫ রান করেন। তার ইনিংসে ছিল তিনটি ছয় ও ১০টি চারের মার।
সংক্ষিপ্ত স্কোর : সিলেট প্রথম ইনিংসে ৩৬০ অলআউট ও দ্বিতীয় ইনিংসে ১০৩/১
খুলনা প্রথম ইনিংস ১৩৮ অলআউট
চট্টগ্রাম বনাম বরিশাল
আগের দিনের পাঁচ উইকেটে ৩১৫ নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিনে চট্টগ্রাম বাকি উইকেটগুলো হারিয়ে ৪৭১ রান সংগ্রহ করে। চট্টগ্রামের ব্যাটসম্যান এহসানুল হক সেজান ২২৯ বলে ১৫টি বাউন্ডারির সহায়তায় ১১৪ রান সংগ্রহ করেন।
চট্টগ্রামের বিশাল সংগ্রহের ভালই জবাব দিতে শুরু করেছে বরিশাল। দিন শেষে তারা কোন উইকেট না হারিয়ে ৮৪ রান সংগ্রহ করেছে। ইমরান আহমেদ ৩৫ ও হান্নান সরকার ৪৭ রানে অপরাজিত রয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর : চট্টগ্রাম প্রথম ইনিংসে ৪৭১ অলআউট
বরিশাল প্রথম ইনিংসে বিনা উইকেটে ৮৪।
