বগুড়ায় শ্রীলংকা জাতীয় দলকে ফুলেল শুভেচ্ছা
নৃত্য শিল্পীদের নাচের তালে তালে ফুলেল শুভেচ্ছায় বগুড়া জেলা ক্রীড়া সংস্থা শ্রীলংকার জাতীয় ক্রিকেট দলকে বরণ করে নিয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে মাহেলা জয়াবর্ধনের নেতৃত্বে ক্রিকেট দল বগুড়ার ছিলিমপুরে চার তারকা হোটেল নাজ গার্ডেনে পৌঁছেন।
হোটেল কম্পাউন্ডে পৌঁছার সাথে সাথে মুক্তিযোদ্ধারা জাতীয় ও সংগঠনের পতাকা উঁচিডে খেলোয়াড়দের সম্মান জানান। এরপর বিভিন্ন স্থানে শ্রীলংকা ও বাংলাদেশের পতাকা নাড়িয়ে খেলোয়াড়দের শুভেচ্ছা জানানো হয়। এরপর শুরু হয় শিশুদের অপূর্ব ডিসপ্লে। খেলোয়াড়রা সাংবাদিকদের এড়িয়ে রজনীগন্ধার স্টিক নিয়ে সোজা লবিতে চলে যান। এ সময় সেখানে জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশ সুপার মতিয়ার রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) জাবেদ আহম্মেদ, সৈয়দ মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোজাম্মেল হক লালু, বিসিসিবি’র সদস্য এমআর সিদ্দিক লেমন।
এদিকে হোটেলে খেলোয়াড়দের নিরাপত্তা বিধানে পুলিশ, আমর্ড পুলিশ, র্যাবসহ সব মিলিয়ে ৪৮০ জন আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার একটি সূত্র জানায়, বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা গত বৃহস্পতিবার আড্ডার মুডে দিন কাটালেও শুক্রবার বিকেল আড়াইটায় শহীদ চান্দু স্টেডিয়ামে পৌঁছেন। তারা বিকেল পর্যন্ত নেট প্র্যাকটিস ও ওয়ার্মআপ করেন। সন্ধ্যায় জিম ও সাঁতার শেষে হোটেল কক্ষে ফেরেন। সূত্র জানায়, শনিবার থেকে শ্রীলংকা স্টেডিয়ামে প্র্যাকটিস শুরু করবেন।
