২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিনিয়র খেলোয়াড়দের অনুপস্থিতি দলে কোন সমস্যা তৈরি করবে না: মাহেলা জয়বর্ধনে

শ্রীলংকার অধিনায়ক মাহেলা জয়বর্ধনে শুক্রবার বলেছেন, দলে সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতি সত্ত্বেও বাংলাদেশকে মোকাবেলা করতে তারা চিন্তিত নয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2006, 06:15 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও দু’টি টেস্ট ম্যাচ খেলতে শুক্রবার ঢাকায় পৌঁছার পর বিমানবন্দরে জয়বর্ধনে সাংবাদিকদের এ কথা বলেন।

জয়বর্ধনে বলেন, সিরিজ জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।

বাংলাদেশের সাথে সিরিজে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের তিন অভিজ্ঞ খেলোয়াড় অধিনায়ক মারভান আতাপাত্তু, দ্রুতগতির বোলার চামিন্দা ভাস ও অফ স্পিনার মুত্তিয়া মুরলিধরনকে বিশ্রাম দিয়েছে। এছাড়া বর্ষীয়ান অলরাউন্ডার সনথ জয়সুরিয়াকে শুধু টেস্ট সিরিজের জন্য দলের বাইরে রাখা হয়েছে।

লংকান অধিনায়ক বলেন, কয়েকজন সিনিয়র খেলোয়াড় দলে না থাকলেও সিরিজ জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। আমি মনে করি, তাদের বিশ্রামের প্রয়োজন ছিল।

এর আগে ছয়টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে শ্রীলংকাকে নেতৃত্ব দেওয়া জয়বর্ধনে বলেন, এ সফরে আমাদের দলে বেশ কয়েকজন মেধাবী ও তরুণ খেলোয়াড় রয়েছে। আশা করছি, নিজেদের মেলে ধরতে আমরা তাদেরকে সুযোগ দিতে পারবো। সফরটি আমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দু’টি একদিনের ম্যাচে অংশ নিতে শ্রীলংকা দল শুক্রবারই ঢাকা ত্যাগ করেছে। স্বাগতিক দলের বিপক্ষে বগুড়ার ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে ২০ ও ২১ ফেব্রুয়ারি। একই মাঠে টেস্ট সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ মার্চ।

বগুড়ায় দু’টি ওয়ানডে খেলে শ্রীলংকা দল চট্টগ্রামে যাবে। সেখানে ২৫ ফেব্রুয়ারি বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে একদিনের সিরিজের তৃতীয় ও সর্বশেষ ম্যাচে বাংলাদেশ-শ্রীলংকা একে অপরের মুখোমুখি হবে। একই মাঠে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ।

এক প্রশ্নের জবাবে জয়বর্ধনে বলেন, শ্রীলংকাকে নেতৃত্ব দেওয়া কোন চাপের বিষয় এটা আমি মনে করি না। বেশ কয়েকজন প্রতিভাবান নবীন ও বর্ষীয়ান খেলোয়াড়দের নিয়ে দলটি গড়া হয়েছে।

ক্রমেই উন্নতি লাভ করছে এমন একটি প্রতিযোগী দল হিসেবেই জয়বর্ধনে বাংলাদেশকে মূল্যায়ন করেন। তিনি বলেন, প্রতিদিনই বাংলাদেশ উন্নতি করছে।

২৯ বছর বয়সী শ্রীলংকার অধিনায়ক বলেন, তারা ইংল্যান্ডে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে। আমরা তাদেরকে শ্রীলংকার মাটিতে বেশ কয়েকবার হারালেও বাংলাদেশে খুব বেশি হারাতে পারিনি।

জয়বর্ধনে বিশ্বাস করেন, ভিবি সিরিজের তিন ম্যাচের ফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে দু’টিতে পরাজয় তাদের মনোবলে একটুও চিড় ধরায়নি। একটি অপেক্ষাকৃত নবীন দল হয়েও অস্ট্রেলিয়ায় শ্রীলংকার অর্জন নিয়ে তিনি সন্তুষ্ট।

তিনি বলেন, নবীন দলটি বিশ্ব চ্যাম্পিয়নদের মাটিতে বিশ্বের এক নম্বর দলের বিরুদ্ধে ভাল প্রতিযোগিতা গড়তে সমর্থ হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ এ পর্যন্ত শ্রীলংকার বিরুদ্ধে ১৪টি একদিনের ম্যাচ ও পাঁচটি টেস্ট ম্যাচ খেলেছে এবং সবক’টি ম্যাচেই পরাজিত হয়েছে।