২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেটের চারদিনের ম্যাচের প্রথম দিন ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের দাপট

দেশের বিভিন্ন ভেন্যুতে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ইস্পাহানী মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগের চারদিনের ম্যাচের প্রথম দিনটি দাপটের সাথে পার করেছে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের ২৮৩ রানের জবাবে ঢাকা প্রথম দিন শেষে দুই উইকেটে ২১ রান করেছে। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের বিরুদ্ধে চট্টগ্রাম দিনশেষে পাঁচ উইকেটে ৩১৫ রান সংগ্রহ করেছে। অন্যদিকে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিরুদ্ধে আট উইকেটে ৩২৬ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে সিলেট।

ঢাকা বনাম রাজশাহী

প্রথম ব্যাট করে স্বাগতিক রাজশাহী ২৮৩ রানে অলআউট হয়। দলের পক্ষে দুই উদ্বোধনী ব্যাটসম্যান জহুরুল ইসলাম ৫১ এবং জুনাইদ সিদ্দিক ৪৩ রান করেন। এছাড়া ফরহাদ হোসেন ৩৪, আনিসুর রহমান ৩২ এবং শামিমুল হক ২৫ রান করেন।

ঢাকার মাহমুদুল্লাহ চারটি এবং উত্তম কুমার তিন উইকেট লাভ করেন। দিনশেষে ঢাকার দুই ব্যাটসম্যান কামরুল হাসান ৩ এবং মোকলেসুর রহমান শুন্যরানে অপরাজিত রয়েছেন।

চট্টগ্রাম বনাম বরিশাল

প্রথম ব্যাট করে চট্টগ্রাম দিনশেষে পাঁচ উইকেটে ৩১৫ রানের বড় স্কোর গড়েছে। দলের তিন ব্যাটসম্যান অর্ধশতক হাঁকিয়েছেন। মাসুমদ্দৌলা ৮০, গাজী সালাহউদ্দিন ৬৯ এবং নাজিমউদ্দিন ৬০ রান করেন।

এহসানুল হক ৪৪ এবং ধীমান ঘোষ শুন্যরানে অপরাজিত রয়েছেন।

সিলেট বনাম খুলনা

প্রথম ব্যাট করে সিলেট ইমতিয়াজ হোসেনের অনবদ্য সেঞ্চুরিতে ভর করে আট উইকেটে ৩২৬ রান করে। ইমতিয়াজ ১৩২ বলে ১১৪ রান করেন। দিনশেষে রেজাউল ইসলাম ৮২ এবং হাসিবুল হোসেন শান্তু দুই রান করে ক্রিজে রয়েছেন। খুলনার এম শাহীন তিনটি উইকেট লাভ করেন।