২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে সিরিজ নিশ্চিত করলো ভারত

যেই ভাবা সেই কাজ। নিজেদের মত করেই মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে বিরুদ্ধে চতুর্থ ওয়ানডে ম্যাচটি পাঁচ উইকেটে জিতে নেওয়ার পাশাপাশি পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ এ এগিয়ে গেল রাহুল দ্রাবিড়ের দল। এই জয়ে সিরিজও নিশ্চিত করেছে ভারত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 07:37 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

পাকিস্তানকে প্রথমে ১৬১ রনে অলআউট করে দিয়ে পরে পাঁচ উইকেট খুইয়ে ১৬২ রান করে সহজ জয় পায় ভারত।

ভারতের জয়ের নায়ক দলপতি রাহুল দ্রাবিড় নিজেই। ফিল্ডিংয়ের সময় চমৎকার দক্ষতায় দল পরিচালনা করার পাশাপাশি ব্যাট হাতে খেলেছেন অধিনায়কোচিত ইনিংস। ভারতের ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানটিও আসে অধিনায়কের ব্যাট থেকেই।

যদিও শুরুটা মোটেই ভালো হয়নি সফরকারীদের। ২৯ রানের মধ্যে প্যাভিলিয়নে ফেরেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর (২১) এবং শচীন টেন্ডুলকার (০)।

দলের হাল ধরেন দ্রাবিড় আর যুবরাজ। তৃতীয় উইকেট জুটিতে ৮২ রান করে দলকে অনেকটাই নিরাপদ অবস্থানে নিয়ে যান এই দুই ব্যাটসম্যান। যুবরাজ ৩৭ রান করে আউট হয়ে গেলেও দ্রাবিড় অর্ধশতকের দেখা পান। মাঝে মোহাম্মদ কাইফ শুন্যরানে আউট হয়ে যাওয়ার পর পঞ্চম উইকেট জুটিতে সুরেশ রায়নাকে নিয়ে আরও ১৮ রান যোগ করেন।

কিন্তু ৭২ বলে নয়টি বাউন্ডারির মাধ্যমে ৫৯ রান করে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ভারতীয় অধিনায়ক।

ভারতের জয়টা তখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অবশ্য বাকি সময়টুকু নিরাপদেই পার করেছেন রায়না এবং ধোনী। রায়না ৩৫ এবং ধোনী দুই রানে অপরাজিত অবস্থায় সাজঘরে ফেরেন।

শোয়েব আখতারের পরিবর্তে দলে সুযোগ পেয়েই নিজেকে প্রমান করেছেন মোহাম্মদ সামি। ৪২ রান খরচায় তুলে নিয়েছেন তিনটি উইকেট।

প্রথম ব্যাটিং করতে নেমে পাকিস্তানের ব্যাটিং ছিল যাচ্ছেতাই। অবস্থাটা এমন- তখনও চৌদ্দতম ওভার শেষ হতে এক বল বাকি। স্কোর বোর্ডে রানের ঘরের চেহারাটার খুবই করুনদশা, মাত্র ২৯ রান। বিপরীতে উইকেটের ঘর কিন্তু বেশ স্বাস্থ্যবান, চার উইকেট। সাজঘরে ফিরে গেছেন চার বাঘা ব্যাটসম্যান- কামরান আকমল, সালমান বাট, শোয়েব মালিক এবং ইউনিস খান। এই হলো পাকিস্তানের ব্যাটিংয়ের প্রথমদিকের অবস্থা।

মূলত প্রথমদিকের এই ধসই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ইনজামামের ভাগ্যটা খারাপই বলতে হবে। দিবারাত্রির ম্যাচে ইনজির শুরুটাই হয় হারের মধ্য দিয়ে। অর্থাৎ টস নামের ভাগ্য পরীক্ষায় ফেল করেন পাক অধিনায়ক। এরপরের ঘটনাতো দুঃস্বপ্নের মত।

অন্যদিকে ভারত দলপতি রাহুল দ্রাবিড় আগেরদিনই বলে দিয়েছিলেন মুলতানে জিতে সিরিজ নিশ্চিত করতে চান। ভারতের জন্য মুলতান ম্যাচ ছিল সিরিজ জয়ের মিশন, আর পাকিস্তানের জন্য ছিল সিরিজে ফেরার লড়াই।

দুঃস্বপ্নের প্রথম সেশন কাটাতে দুষ্টু বালকের মত ভারতীয় বোলারদের পথে বাধা হয়ে দাঁড়ান ইনজামাম আর মোহাম্মদ ইউসুফ। পঞ্চম উইকেট জুটিতে দু’জনে মিলে মূল্যবান ৬৮ রান যোগ করে একপ্রকার দলের ইজ্জত রক্ষা করেছেন। ইনজামাম ছিলেন কিছুটা মারমুখী, অন্যপ্রান্তে ইউসুফ অনেকটাই সংযত। কিন্তু সংযত থেকে লাভ হয়নি। দলীয় ৯৭ রানে আগারকারের বলে মহেন্দ্র ধোনির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ইউসুফ (২৫)। দুষ্টু বালকেরও তো একটা সময় থেমে যেতে হয়।

ইমরান ফারহাতকে সাথে নিয়ে শেষবারের মত চেষ্টা করেন ইনজামাম। জুটিতে ২৭ রান সংগ্রহও হয়। কিন্তু ইমরান ১৪ রান করে সফল বোলার আরপি সিংয়ের শিকারে পরিনত হলে পাকিস্তানের সব সম্ভাবনা শেষ হয়ে যায়। আরপি সিং ৪০ রানে চার উইকেট নিয়ে তার দশ ওভারের কোটা পূরণ করেন।

ইনজামাম মাত্র একরানের জন্য অর্ধশতক থেকে বঞ্চিত হয়েছেন। আর ইনজির মূল্যবান উইকেটটি তুলে নেন শচীন টেন্ডুলকার। ২৬ রান দিয়ে ইরফান পাঠান নিয়েছেন তিনটি উইকেট।