বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ স্পন্সর করবে গ্রামীণফোন
দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন কোম্পানী গ্রামীণফোন আসন্ন বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের স্পন্সরশীপ লাভ করেছে। সিরিজের খেলাগুলো ২০ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত বগুড়া ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওয়ানডে এবং দু’টি টেস্ট খেলতে শ্রীলঙ্কা দল শুক্রবার ঢাকা পৌঁছাবে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর গ্রামীণফোন সিরিজের টাইটেল স্পন্সর বাবদ ৫৪ লাখ ৪০ হাজার টাকা এবং বাকি টাকা ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের জন্য প্রদান করবে।
রাজধানীর এক হোটেলে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ সভাপতি এবং সিরিজে কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান আজিজ আল কায়সার টিটো, বোর্ডের যুগ্ম সম্পাদক রিয়াজউদ্দিন আল মামুন, গ্রামীণফোনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক (মার্কেটিং) রুবাবা দৌলা মতিন, অতিরিক্ত মহাব্যবস্থাপক (মার্কেটিং) গালিব আহমেদ আনসারী এবং মিডিয়া ব্যবস্থাপক মঈন তারেক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে রুবাবা মতিন বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার আসন্ন সিরিজটি স্পন্সর করতে পেরে আমরা খুশি। তিনি ভবিষ্যতেও বাংলাদেশের ক্রিকেটে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি জানান, বিসিবি’র মাধ্যমে গ্রামীণফোন সারাদেশের ক্রিকেট উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ঘরোয়া ক্রিকেট লিগে স্পন্সর করা এবং পেসার হান্ট কার্যক্রমে গ্রামীণফোনের সক্রিয় অংশগ্রহনের কথা উল্লেখ করেন।
