ঢাকাকে টপকে জাতীয় ক্রিকেটের শীর্ষে রাজশাহী
ঢাকাকে টপকে ইস্পাহানী মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগের একদিনের ম্যাচের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে রাজশাহী।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বুধবার স্বাগতিকরা পাঁচ উইকেটে হারিয়েছে ঢাকাকে। এছাড়া একইদিন চট্টগ্রাম এবং খুলনা তাদের নিজ নিজ খেলায় জয় পেয়েছে।
ধানমন্ডি ক্রিকেট স্টেডেয়ামে নাজিমউদ্দিন, এহসানুল হক এবং ফয়সাল হোসেন ডিকেন্সের তিনটি হাফ সেঞ্চুরিতে ভর করে চট্টগ্রাম ৬৬ রানে হারিয়েছে বরিশালকে। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকরা তিন উইকেটে হারিয়েছে সিলেটকে।
পঞ্চম রাউন্ডের খেলা শেষে অপরাজিত রাজশাহী দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। আট পয়েন্ট নিয়ে এরপরই অবস্থান করছে ঢাকা। চট্টগ্রাম ও খুলনার সংগ্রহ চার পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে বরিশাল ও সিলেটের পয়েন্ট দুই।
রাজশাহী বনাম ঢাকা
প্রথম ব্যাট করে ঢাকা উদ্বোধনী ব্যাটসম্যান উত্তম কুমারের ৫৭ রানের সুবাদে ১৮৮ রানে অলআউট হয়। ৩৩ রানে দুই উইকেট হারানোর পরও তৃতীয় উইকেট জুটিতে উত্তম কুমার এবং মাহমুদুল্লাহ রিয়াদ শতরানের পার্টনারশীপ গড়ে দলকে বিপর্যয়ের হাত থেকে উদ্ধার করেন।
উত্তম অর্ধশতক করলেও রিয়াদ মাত্র এক রানের জন্য হাফ সেঞ্চুরির দেখা পাননি। এক পর্যায়ে মনে হচ্ছিল বড় ধরনের সংগ্রহ গড়তে যাচ্ছে ঢাকা, কিন্তু দলের অন্য ব্যাটসম্যানরা কোন কার্যকর জুটি গড়তে ব্যর্থ হলে তা আর সম্ভব হয়নি।
জবাবে রাজশাহী ওপেনার জহুরুল ইসলামের ৭১ রানে ভর করে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের উদ্বোধনী জুটিতে জহুরুল এবং জুনায়েদ ৪১ রান করে দলকে শক্ত ভিত্তি এনে দেন। জুনায়েদ ২৪ রান করেন। দ্বিতীয় উইকেট জুটিতে জহুরুল এবং ফরহাদ আরও ৯৭ রান যোগ করেন। ফরহাদ ২৮ রান করেন।
চট্টগ্রাম বনাম বরিশাল
প্রথম ব্যাট করে চট্টগ্রাম ৫০ ওভারে ছয় উইকেটে ৩০০ রান করে। হাফ সেঞ্চুরি করেন নাজিমউদ্দিন, এহসানুল হক এবং ফয়সাল হোসেন ডিকেন্স। এদের মধ্যে নাজিমউদ্দিন অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। ৯৮ বলে ৯৩ রান করে মনিরের বলে বাশারের হাতে ধরা পড়েন নাজিম। এহসানুল ৬৭ রান করেন এবং ডিকেন্স ৬৬ রান করে অপরাজিত থাকেন। মনির হোসেন তিনটি উইকেট লাভ করেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালোই লড়েছে বরিশাল। ৪৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা ২৩৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে তৌহিদ হোসেন সর্বোচ্চ ৬১ রান করেন। এছাড়া নাসিরউদ্দিন ফারুক ৩৮, মার্শাল আইয়ুব ২৫ রান করেন। সাজু দত্ত ৩৩ রান খরচায় তুলে নেন তিনটি উইকেট।
খুলনা বনাম সিলেট
প্রথম ব্যাট করে খুলনা ২০২ রানে অল আউট হয়। দলের পক্ষে রানা মিয়া সর্বোচ্চ ৪২ রান করেন। এছাড়া ওপেনার গোলাম রহমান ৪০, ইমতিয়াজ হোসেন ২৮ রান করেন। সিলেটের জিয়াউর রহমান ২৪ রানে নেন পাঁচ উইকেট।
জবাবে খুলনা ৪৯ ওভারে সাত উইকেটে ২০৩ রান করে জয় ছিনিয়ে নেয়। সাজ্জাদুর ৫৫ এবং আসাদুল্লাহ ৫৩ রান করেন।
