২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন

বগুড়ায় অবস্থানরত জাতীয় দলের ক্রিকেটাররা মঙ্গলবার নবনির্মিত শহীদ চান্দু স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোতে অনুশীলন করেছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 08:32 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

ক্রিকেটাররা প্রায় সবাই স্টেডিয়ামের দু’টি পিচে অনুশীলন করলেও ওপেনার শাহরিয়ার নাফিসকে নিয়ে কোচ ডেভ হোয়াটমোর একটু আলাদাভাবে কাজ করলেন। পরে অবশ্য নাফিসও মাঝ উইকেটে নেট প্র্যাকটিস করেন।

জাতীয় দল সোমবার বগুড়া পৌঁছালেও মঙ্গলবার দুপুর পর্যন্ত বিশ্রামেই ছিলেন ক্রিকেটাররা। সফরকারী শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৯ ও ২০ ফেব্রুয়ারি দু’টি ওয়ানডে খেলবে বাংলাদেশ।

অনুশীলনের সময় জাতীয় দলের তারকা ক্রিকেটারদের একনজর দেখতে স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন উল্লেখযোগ্য সংখ্যক ক্রিকেটপ্রেমী, সংগঠক এবং মিডিয়া কর্মী।

অনুশীলনের ফাঁকেই সাংবাদিকদের সাথে কথা বলেন কোচ ডেভ হোয়াটমোর। তিনি জানান, শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে নতুন স্টেডিয়ামের উইকেটে ধাতস্থ হওয়ার জন্যই আগেভাগে দল নিয়ে বগুড়া আসা।

জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশার জানালেন, বগুড়া স্টেডিয়ামের উইকেট আগে ভালোই ছিল। উইকেট আগের মতই আচরণ করবে বলে আশা করছেন অধিনায়ক।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচকে ঘিরে বগুড়া স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের ঘষামাজা। ব্যস্ত সময় পার করছেন ক্রিকেট বোর্ডের পাঁচটি সাব কমিটি। এদিকে বগুড়া থেকে খেলা সরাসরি স¤প্রচারের উদ্দেশ্যে লটবহরসহ ইএসপিএন বাহিনীর মঙ্গলবার রাতে বগুড়া পৌঁছানোর কথা রয়েছে।

আর্ন্তজাতিক ক্রিকেট ম্যাচ নিয়ে বগুড়াবাসীরও উৎসাহের অন্ত নেই। ক্রিকেট পাগল দর্শকরা টিকিটের জন্য মঙ্গলবারই ভিড় করেন শহরের সিটি ব্যাংকের কার্যালয়ে। কিন্তু যেহেতু ব্যাংক এখনও টিকিট বিক্রি শুরু করেনি তাই বিফল মনেই ফিরে যান তারা। এদিকে একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতি এবং শুক্রবার থেকে টিকিট পাওয়া যাবে।