জাতীয় ক্রিকেটের শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ঢাকা ও রাজশাহী
ইস্পাহানী মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগের ওয়ানডে ম্যাচের পয়েন্ট তালিকার দুই শীর্ষ দল ঢাকা এবং রাজশাহী বুধবার পরস্পরের মুখোমুখি হচ্ছে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে।
লিগের সীমিত ওভারের ম্যাচে দু’দলই এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। দু’দলেরই সংগ্রহ আট পয়েন্ট।
একই দিন খুলনা নিজেদের মাঠে সিলেটের বিরুদ্ধে এবং ধানমিন্ড ক্রিকেট স্টেডিয়ামে বরিশাল খেলবে চট্টগ্রামের বিরুদ্ধে। চারটি দলই দুই পয়েন্ট করে সংগ্রহ করেছে।
এদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে এবং টেস্ট ম্যাচের জন্য চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামকে প্রস্তুত রাখা হয়েছে বিধায় বরিশাল এবং চট্টগ্রামের মধ্যকার ম্যাচটি ঢাকায় সরিয়ে নেওয়া হয়েছে বলে মঙ্গলবার বিডিনিউজকে জানিয়েছেন জাতীয় লিগের সমন্বয়কারী আলী হোসেন।
