গিলক্রিস্ট-ক্যাটিচ ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা, ভিবি সিরিজ অস্ট্রেলিয়ার
বেস্ট অব থ্রি’র আগের দু’টি ম্যাচ শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়া ভাগাভাগি করে নেওয়ায় তৃতীয় ম্যাচটি আসল ফাইনালে পরিণত হয়েছিল। শক্তিমত্তার দিক দিয়ে অস্ট্রেলিয়ার চেয়ে শ্রীলঙ্কা অনেক পিছিয়ে থাকলেও সিরিজে কম ভোগায়নি তারা। কিন্তু আসল সময় এসেই আর পারলো না আতাপাত্তু বাহিনী। ব্রিসবেনে তৃতীয় ফাইনালটি একপেশে বানিয়ে স্বাগতিকরা নয় উইকেটের বিশাল ব্যবধানে জিতে নেয়।
নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কার নয় উইকেটে ২৬৬ রানের জবাবে অস্ট্রেীলয়া দুই উদ্বোধনী ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট এবং সাইমন ক্যাটিচের জোড়া শতকে ২৬৭ রান করে জয় তুলে নেয়। অস্ট্রেলিয়া দলের উপরি পাওনা হিসেবে ছিল নয়টি উইকেট অক্ষত থাকা।
অস্টেলিয় ইনিংসের বর্ণনা দেওয়ার মত কিছুই নেই। কারণ গিলক্রিস্ট যখন মুরলিধরনের বলে বোল্ড হন, তখন দলের রান ১৯৬। ম্যাচের ফলাফল তখন অনেকটাই নিশ্চিত হয়ে যায়। যাওয়ার আগে গিলক্রিস্ট ৯১ রানে ১৩টি বাউন্ডারি আর চারটি ছক্কার মাধ্যমে ১২২ রানের এক বিস্ফোরক ইনিংস উপহার দিয়ে যান। ঝড়ো ইনিংসের জন্য ম্যান অব দ্য ম্যাচের পরস্কারটা তারই পাওয়ার কথা ছিল, হয়েছেও তাই। সিরিজ সেরা ক্রিকেটারের পুরস্কারটাও গেছে অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু সাইমন্ডসের ঝুলিতে।
বাকি কাজটুকু কোন রকম বাধাবিঘœ ছাড়াই সারেন ক্যাটিচ আর অধিনায়ক রিকি পন্টিং। ক্যাটিচ ১৪২ বলে নয়টি চারের মাধ্যমে ১০৭ এবং পন্টিং ২৮ রানে অপরাজিত থাকেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমেও খুব একটা সুবিধে করতে পারেনি শ্রীলঙ্কা। দলীয় ২৮ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান মারভান আতাপাত্তু এবং সনথ জয়সুরিয়া সাজঘরে ফিরে গেলে প্রাথমিকভাবে চাপের মধ্যে পড়ে যায় অতিথিরা। কিন্তু মিডল অর্ডারে সাঙ্গাকারা, জয়বর্ধনে এবং রাসেল আরনল্ডের তিনটি অর্ধশতকে ভর করে ২৬৬ রানের সম্মানজনক স্কোর গড়ে।
তৃতীয় উইকেট জুটিতে কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়বর্ধনে অসি বোলারদের সামাল দিয়েছেন বেশ ভালোভাবেই। দু’জনে মিলে গড়েন শতরানের জুটি। সাঙ্গাকারা ৫৯ রান করে ক্লার্কের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে বিদায় নেন। ৮৫ বলে পাঁচটি চারে সাজানো ছিল লঙ্কান উইকেটরক্ষকের ইনিংসটি।
পরের উইকটি জুটিতে আরেকটি বড় পার্টনারশীপ গড়ে ওঠে জয়বর্ধনে এবং রাসেল আরনল্ডের মধ্যে। এই জুটিতে মূল্যবান ৭৬ রান সংগৃহিত হয়। দলের ২০৪ রানের মাথায় জয়বর্ধনে যখন আউট হন তখন তার নামের পাশে লেখা হয়েছে ৮৬ রান, ৯১ বলে আটটি চারের মাধ্যমে এই রান করেন জয়বর্ধনে। ক্লার্কের বলেই জয়বর্ধনের ক্যাচটি লুফে নেন সাইমন ক্যাটিচ।
রাসেল আরনল্ড ৭১ বলে চারটি বাউন্ডারির সাহায্যে ৭৬ রান করে ব্রাকেনের বলে পন্টিংয়ের হাতে ধরা পড়েন। এরপর আর কোন লঙ্কান ব্যাটসম্যানই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। দলের ছয়জন ব্যাটসম্যান ডাবল ফিগারেই পৌঁছতে পারেননি। অসি বোলাররা নিয়মিত বিরতিতেই উইকেট তুলে নিয়েছেন। আর এ ক্ষেত্রে সবচেয়ে সফল ছিলেন নাথান ব্রাকেন। ৪৪ রান খরচায় তিন উইকেট লাভ করেন ব্রাকেন। ক্লার্কও নিয়েছেন দুই উইকেট।
