বাংলাদেশের তিনটি হোম সিরিজে টিকিট এবং স্কোরবোর্ডের স্পন্সরশীপ লাভ করেছে সিটি ব্যাংক
শ্রীলঙ্কা, কেনিয়া এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন তিনটি সিরিজে টিকিট বিক্রির স্বত্ত্ব এবং কোরবোর্ডের স্পন্সরশীপ লাভ করেছে দ্য সিটি ব্যাংক লিমিটেড।
রাজধানীর এক হোটেলে রোববার আয়োজিত সয়ংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ সম্পাদক মাহবুব আনাম।
বোর্ডের সহ সভাপতি আজিজ আল কায়সার টিটো, যুগ্ম সম্পাদক রিয়াজউদ্দিন আল মামুন, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্বাসউদ্দিন আহমেদ, উপ ব্যবস্থাপনা পরিচালক এইএ মোহাইমেন, বোর্ডের টিকিট অ্যান্ড সিটিং কমিটির ভাইস চেয়ারম্যান আলী হোসেন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম (এসসিএস) এবং চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে (বিএসএসআরএএস) তিনটি ওয়ানডে এবং দু’টি টেস্ট খেলবে বাংলাদেশ। ১৭ ফেব্রুয়ারি ঢাকা আসবে শ্রীলঙ্কা দল।
বগুড়া স্টেডিয়ামে ১৯ ও ২০ ফেব্রুয়ারি প্রথম দু’টি দিবারাত্রির একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্টও (৬ থেকে ১০ মার্চ) অনুষ্ঠিত হবে বগুড়া স্টেডিয়ামে। বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডে (২৪ ফেব্রুয়ারি) এবং প্রথম টেস্ট (২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ) খেলবে চট্টগ্রাম স্টেডিয়ামে।
মার্চে তিনটি অথবা চারটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফর করবে কেনিয়া। পরের মাসেই অর্থাৎ এপ্রিলে তিনটি ওয়ানডে এবং দু’টি টেস্ট খেলতে আসবে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
সংবাদ সম্মেলনে মাহবুব আনাম জানান, স্পন্সরশীপ বাবদ ব্যাংক ৩০ লাখ টাকা দেবে। এর মধ্যে ১৫ লাখ টাকা টিকিট এবং বাকি টাকা স্কোরবোর্ড বাবদ দেওয়া হবে।
আব্বাস উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের হোম সিরিজে টিকিটি এবং স্কোরবোর্ডের স্পন্সরশীপ লাভ করার মধ্য দিয়ে আমাদের কাঁধে গুরুত্বপূর্ন একটা দায়িত্ব এসে পড়ল, এবং আমরা দায়িত্ব পালনে সর্বাত্মক চেষ্টা করব। তিনি বলেন ভবিষ্যতেও তাদের এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
এইএ মোহাইমেন জানান, ক্রিকেট বোর্ডের সাথে তাদের সম্পৃক্ত হওয়ার ইচ্ছা দীর্ঘদিনের এবং এবারই প্রথমবারের মত ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত হতে পেরে তারা আনন্দিত। হোম সিরিজে তিনি বাংলাদেশের সাফল্য কামনা করেন।
তারা জানান, হোম সিরিজগুলোতে সিটি ব্যাংকের ঢাকার দু’টি, চট্টগ্রামের পাঁচটি এবং বগুড়ার একটি শাখায় টিকিট বিক্রি করা হবে। বগুড়ায় অনুষ্ঠিতব্য ওয়ানডে ম্যাচের টিকিট ১৭ ফেব্রুয়ারি থেকে ঢাকা ও বগুড়ার শাখাগুলোতে পাওয়া যাবে। আর চট্টগ্রামের ওয়ানডে ম্যাচের টিকিট ঢাকা ও চট্টগ্রামের শাখায় ২০ ফেব্রুয়ারি থেকে বিক্রি শুরু হবে।
ব্যাংকের যেসকল শাখায় টিকিট বিক্রি হবে সেগুলো হচ্ছে- ঢাকার মতিঝিলস্থ প্রধান শাখা এবং গুলশান শাখা, চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত আঞ্চলিক শাখা, খাতুনগঞ্জ, জুবিলি, পাহাড়তলী ও নিজাম রোড শাখা এবং বগুড়ার রাজাবাজারে অবস্থিত শাখা।
এক প্রশ্নের জবাবে আব্বাস উদ্দিন জানান, প্রয়োজনে রাজশাহীতেও ব্যাংকের একটি শাখা খোলা হবে।
অপর এক প্রশ্নের জবাবে মাহবুব আনাম বলেন, টিকিট বিক্রির মাধ্যমে বেশি আয়ের জন্যই চট্টগ্রামের চাইতে বগুড়ার টিকিটের মূল্য বেশি রাখা হয়েছে। বগুড়ার প্রতিটি ওয়ানডে ম্যাচের জন্য ২০ হাজার এবং টেস্টের প্রতিদিনের জন্য ১৫ হাজার টিকিট ছাপানো হবে বলে জানান আনাম। আর চট্টগ্রাম ওয়ানডের জন্য ১৫ হাজার এবং টেস্টের প্রতিদিনের জন্য সাত হাজার টিকিট ছাপানো হবে।
বগুড়ার ম্যাচগুলোর টিকিটের মূল্যহার:
গ্যালারী- ৫০, ক্লাব হাউজ- ১০০, স্পেশাল এনক্লোজার- ২০০, ভিআইপি- ১০০০, নন এসি হসপিটালিটি বক্স- ১৫০০ ও ১০০০, এসি হসপিটালিটি বক্স- ২০০০, ভিভিআইপি- ১৫০০ টাকা (ওয়ানডের জন্য)।
গ্যালারী- ২০, ক্লাব হাউজ- ১০০, স্পেশাল এনক্লোজার- ৪০, ভিআইপি- ২০০, নন এসি হসপিটালিটি বক্স- ৩০০ ও ২০০, এসি হসপিটালিটি বক্স- ২০০, ভিভিআইপি- ৫০০ টাকা (টেস্টের জন্য)।
চট্টগ্রাম ম্যাচগুলোর টিকিটের মূল্য:
গ্যালারী- ৩০, স্পেশাল এনক্লোজার (পূর্ব ও পশ্চিম)- ১০০, ভিআইপি- ৫০০, এসি হসপিটালিটি বক্স- ২০০০০ টাকার প্যাকেজ (ওয়ানডের জন্য)।
গ্যালারী- ২০, স্পেশাল এনক্লোজার (পূর্ব ও পশ্চিম)- ৪০, ভিআইপি- ১০০ টাকা (টেস্টের জন্য)।
