জাতীয় ক্রিকেটের চারদিনের ম্যাচে জয় পেয়েছে বরিশাল এবং রাজশাহী
একদিন বাকি থাকতেই ইস্পাহানী মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগের চারদিনের ম্যাচে যথাক্রমে সিলেট এবং চট্টগ্রামের বিরুদ্ধে জয় পেয়েছে বরিশাল এবং রাজশাহী। অন্যদিকে জয়ের পেছনে ছুটছে শীর্ষদল ঢাকা।
ধানমন্ডি স্টেডিয়ামে শেষ দিনে জয়ের জন্য ঢাকার প্রয়োজন প্রতিপক্ষ খুলনার ছয় উইকেট।
নিজেদের মাঠে রাজশাহী মুশফিকুর রহমানের অলরাউন্ড নৈপুন্যে ২৮ রানে হারায় চট্টগ্রামকে। অন্যদিকে রাজশাহীর মত বরিশালও নিজেদের মাঠে সিলেটের বিরুদ্ধে ওয়ানডেতে প্রথম জয়ের পর চারদিনের ম্যাচেও নয় উইকেটে হারিয়েছে একই প্রতিপক্ষকে।
রাজশাহী বনাম চট্টগ্রাম
জাতীয় দলের বাদ পড়া মুশফিকুর রহমান পাঁচ উইকেট তুলে নিয়ে অতিথি চট্টগ্রামের দ্বিতীয় ইনিংস একাই গুড়িয়ে দেন। তার দল রাজশাহীও পায় সহজ এক জয়।
তৃতীয় দিনের তিন উইকেটে ২৫ রান নিয়ে খেলতে নেমে চট্টগ্রাম ১৪১ রানে তাদের দ্বিতীয় ইনিংস শেষ করে। দলের পক্ষে এহসানুল হক সর্বোচ্চ ৫৫ রান করেন।
রাজশাহীর পক্ষে মুশফিক ছাড়াও সাইফুল্লাহ খান এবং শাহাজাদা দু’টি করে উইকেট লাভ করেন।
এর আগে চট্টগ্রামের প্রথম ইনিংসে ২১৬ রানের জবাবে রাজশাহী প্রথম ইনিংসে ৩৮৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফরহাদ হোসেন ৭১, অধিনায়ক হাসানুজ্জামান ৬৩, আনিসুর রহমান ৫৩ এবং মুশফিকুর রহমান ৪৫ রান করেন।
চট্টগ্রামের ইয়াসিন আরাফাত চারটি, আহসানুল্লাহ, রাশেদ খান, গাজী আলমগীর দু’টি করে উইকেট তুলে নেন।
বরিশাল বনাম সিলেট
সিলেটের ছুঁড়ে দেওয়া ১৫৩ রানের জয়ের টার্গেটের পেছনে ছুটে হান্নান সরকার এবং নাসিরুদ্দিন ফারুকের দু’টি অপরাজিত হাফ সেঞ্চুরিতে ভর করে সহজেই জয় তুলে নেয় বরিশাল। হান্নান সরকার ৭২ এবং নাসির ৬৪ রানে অপরাজিত থাকেন।
এর আগে সিলেট তিন উইকেটে ১১৪ রান নিয়ে দিনের সূচনা করে এবং ১৬০ রানে তাদের দ্বিতীয় ইনিংস সমাপ্ত হয়। দলের পক্ষে গোলাম মাহমুদ সর্বোচ্চ ৫৫ রান করেন। সাজিদ ইসলাম এবং আরাফাত সালাহউদ্দিন যথাক্রমে চার এবং তিনটি উইকেট লাভ করেন।
ঢাকা বনাম খুলনা
ঢাকার ছুঁড়ে দেওয়া ৫১৩ রানের জয়ের টার্গেটের পেছনে ছুটে তৃতীয় দিন শেষে খুলনা চার উইকেটে ১৩৩ রান তুলেছে। জয়ের জন্য শেষ দিনে ঢাকার প্রয়োজন খুলনার বাকি ছয় উইকেট। দিনশেষে জামলউদ্দিন বাবু ১৪ এবং মোহাম্মদ সেলিম আট রানে অপরাজিত রয়েছেন। আউট হয়েছেন মনিরুল ইসলাম (৯), আসলাম আলী (৩৬), তুষার ইমরান (৩০), এবং সগীর হোসেন (৩১)।
এর আগে ঢাকা এক উইকেটে ৩০২ রান নিয়ে দিনের খেলা শুরু করে শেষ পর্যন্ত সাত উইকেটে ৪৩২ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। সবমিলিয়ে তাদের লিড দাঁড়ায় ৫১২ রানের।
ঢাকার আনোয়ার হোসেন ১৪৫, কামরুল ইসলাম ৬৫ রান করেন। এছাড়া মাহমুদুল্লাহ ৫৩ রানে অপরাজিত থাকেন। ম্যাচের দ্বিতীয় দিন ঢাকার উদ্বোধনী ব্যাটসম্যান উত্তম কুমার ৯৩ রান করেন।
