২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চমবারের মত আফ্রিকান নেশন কাপ জয় করলো মিশর

পঞ্চমবারের মত আফ্রিকান নেশন কাপ জয় করেছে মিসর। কায়রোর আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের নির্ধারিত সময়ে গোল শূন্য থাকার পর আফ্রিকান জায়ান্ট মিসর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে আইভরিকোস্টকে পরাজিত করে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 09:30 AM

Updated : 26 Apr 2022, 03:25 PM

১৯৫৭, ১৯৫৯, ১৯৮৬ এবং ১৯৯৮ সালের পর মিসর পঞ্চমবারের মত আফ্রিকান জাতির সর্বোচ্চ ফুটবল আসর আফ্রিকান নেশন কাপ জয় করলো।

টাইব্রেকারে দু’টি গোল ঠেকিয়ে আয়োজক মিসরের পক্ষে এই ম্যাচ জয়ের নায়ক ছিলেন গোলরক্ষক এসাম আল হাদারী। আইভরি কোস্টের অধিনায়ক দিদিয়ের দ্রোগবী এবং বাকারি কোনে গোল করতে ব্যর্থ হয়।

ম্যাচের নির্ধারিত সময়ে উভয় দলই গোল করতে ব্যর্থ হয়। তবে আইভরিকোস্টের অধিনায়ক দিদিয়ের ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

উত্তর আফ্রিকান রাষ্ট্র মিসরের পক্ষে টাইব্রেকারে জয়সূচক গোলটি করেন মোহাম্মদ আবুত্রিকা।

তবে ম্যাচের অতিরিক্ত সময়েই গোল পেয়ে যেতে পারতো মিসর। মিসরের ফুটবলার মোহাম্মদ বারাকাটকে আইভরিকোস্টের ডি-বক্সে মধ্যে ফাউল করলে তিউনেশিয়ান রেফারি মুরাদ দামী পেনাল্টির ঘোষণা দেন। কিন্তু মিসরের অধিনায়ক আহমেদ হোসেন পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন।

মিসর এবং আইভরি কোস্ট উভয় দলের খেলোয়াড়রাই গোল করার বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে।