জাতীয় ক্রিকেটের চারদিনের ম্যাচে বোলারদের দাপট
ইস্পাহানী মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগে একটি উৎসব করার মত দিন পার করেছেন বোলাররা।
তিনটি ভেন্যুতে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া চার দিনের ম্যাচের প্রথম দিনে বোলারদের দাপটে ঢাকা, রাজশাহী এবং সিলেট অল্প সংগ্রহেই গুটিয়ে গেছে।
ধানমন্ডি মাঠে খুলনার বিরুদ্ধে ঢাকা প্রথম ব্যাট করতে নেমে শিপলু এবং জিয়াউরের মারাত্মক বোলিংয়ে মাত্র ২৫১ রানেই গুটিয়ে যায়। শিপলু এবং জিয়া নয়টি উইকেট ভাগাভাগি করে নেন। দিনশেষে খুলনার সংগ্রহ তিন উইকেটে ৯১।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিক দলের আলমগীর কবির, ফরহাদ রেজা এবং মুশফিকুর রহমান আট উইকেট ভাগাভাগি করে নিলে চট্টগ্রামের প্রথম ইনিংস ২১৬ রানে শেষ হয়। জবাবে রাজশাহী এক উইকেট খুইয়ে ৬৮ রান তুলেছে।
তবে নিজেদের মাঠে সিলেটের বিরুদ্ধে বরিশালের দাপট অব্যাহত রয়েছে। সিলেটের প্রথম ইনিংসে করা ১৯৩ রানের জবাবে স্বাগতিক দল দিন শেষে কোন উইকেট না হারিয়ে ৪৬ রান করেছে।
ঢাকা বনাম খুলনা
আল শাহরিয়ার রোকনের ৯০ বলে ১৫টি চার এবং তিনটি ছক্কায় সাজানো ১০২ রানের ইনিংস সত্ত্বেও প্রতিপক্ষের সামনে বড় টার্গেট ছুঁড়ে দিতে সক্ষম হয়নি ঢাকা। দলের অন্য ব্যাটসম্যানরা রানের চাকা সচল রাখতে না পারায় ঢাকার এই বিপর্যয়। রোকন ছাড়া শরীফ ৪৮ এবং কামরুল ইসলাম ৩৫ রান করেন।
খুলনার বোলার শিপলু ৬৯ রাানের বিনিময়ে পাঁচটি এবং জিয়াউর ৭৫ রানে তিন উইিকেট লাভ করেন।
জবাবে নাজমুস সাদাত এবং সগীর হোসেন দিনশেষে যথাক্রমে ৪৮ এবং ১৬ রানে অপরাজিত থাকেন। শরীফ দুই উইকেট তুলে নেন।
রাজশাহী বনাম চট্টগ্রাম
চট্টগ্রামের হয়ে এহসানুল হক ১৪৫ বলে ১৩টি চার এবং দু’টি ছক্কার মাধ্যমে ৯৪ রান করেন। এছাড়া নাজিমুদ্দিন ৩২ এবং আলমগীর ২০ রান করেন।
স্পিনার ফরহাদ রেজা এবং মুশফিকুর রহমান তিনটি করে উইকেট দখল করেন। পেসার আলমগীর নেন দুই উইকেট।
দিনশেষে রাজশাহীর ফরহাদ হোসেন ৩৫ এবং ফরহাদ রেজা ১১ রানে অপরাজিত রয়েছেন।
বরিশাল বনাম সিলেট
গোলাম মাহমুদের ৪৭ রান সত্ত্বেও অল্প সংগ্রহে অলআউট হয় সিলেট। এছাড়া তাপস বৈশ্য ৪১, রানা মিয়া ৩০, গোলাম রহমান ২২, আশিকুর রহমান ১৫ রান করেন। সজীব ইসলাম তিনটি এবং সালাউদ্দিন ও মার্শাল আইয়ুব দু’টি করে উইকেট লাভ করেন।
প্রথম দিন শেষে বরিশালের ইমরান হোসেন ২২ এবং হান্নান সরকার ২২ রানে অপরাজিত রয়েছেন।
