আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন
আইসিসি অনুর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে এখন পর্যন্ত শতভাগ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
কলম্বোর সিংহলিজ স্পোর্টিস ক্লাব গ্রাউন্ডে বৃহস্পতিবার ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দুর্বল প্রতিপক্ষ উগান্ডাকে ১৭১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে মুশফিকুর রহিমের দল।
বাংলাদেশের ২৫৫ রানের জবাবে উগান্ডা ৩৩ দশমিক চার ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৪ রান করে।
গ্রুপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে তিন উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে চার উইকেটে হারিয়ে প্রথম বারের মত টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। শনিবার কলম্বোর পি সারাভানামুত্তু স্টেডিয়ামে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ডি গ্রুপের রানার্স আপ দলের বিরুদ্ধে খেলবে।
তবে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষের নাম জানতে বাংলাদেশকে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইংল্যান্ড এবং জিম্বাবুয়ে চার পয়েন্ট করে সংগ্রহ করে ডি গ্রুপের শীর্ষে রয়েছে। শুক্রবার দু’টি দল মুখোমুখি হবে। আর সেদিনই জানা যাবে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষের নাম।
নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করে জিতলেও এই ম্যাচে টসে হেরে ব্যাটিং করে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচের মত শেষ ম্যাচেও যথারীতি বাংলাদেশের টপঅর্ডার ব্যর্থ। এক পর্যায়ে ৮১ রানে চার উইকেটের পতন ঘটলে মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়। একে একে ফিরে যান রাকিবুল হাসান (১৩), সাকিব আল হাসান (২০), মেহেদী হাসান (১) এবং তামিম ইকবাল (৩৯)।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চমৎকার সেঞ্চুরি হাঁকানো উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল এই ম্যাচেও বড় স্কোর করতে পারেননি। ৫৪ বলে সাতটি চারের মাধ্যমে ৩৯ রান করে ওকেলোর বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন এই হার্ডহিটিং ওপেনার।
তামিম ইকবালের আউটের পর পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক মুশফিকুর রহিম এবং মেহরাব হোসেন জুনিয়র মূল্যবান ৭৫ রানের পার্টনারশীপ গড়ে দলের প্রাথমিক বিপর্যয় সামাল দিতে সক্ষম হন।
মেহরাব ২৯ রানে আউট হয়ে গেলেও মুশফিকুর রহিম খেলেন অধিনায়কোচিত ইনিংস। ম্যাচের একমাত্র হাফসেঞ্চুরিটিও আসে তার ব্যাট থেকেই। ৮০ বলে ছয়টি চারের মাধ্যমে ৬৪ রান করে সিমান্দার বলে বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক।
টুর্নামেন্টে প্রথমবারের খেলার সুযোগ পাওয়া অলরাউন্ডার ইশরাক সনেট শেষ দিকে ব্যাটে ঝড় তোলেন। ২৫ বলে তিনটি চার এবং একটি ছক্কার সাহায্যে দ্রুতগতিতে ৩৭ রান করে দলের রানকে চ্যালেঞ্জিং অবস্থায় দাঁড় করান ইশরাক।
ব্যাটিংয়ের পর বল হাতেও ঝড় তোলেন ইশরাক সনেট। মূলত তার দুরন্ত বোলিংয়ের কারনেই নড়বড়ে হয়ে পড়ে উগান্ডার ব্যাটিং। মাত্র পাঁচ ওভার বল করে ২৬ রানে তিনটি উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের টপাঅর্ডারে ধস নামান ইশরাক।
তাছাড়া নাবিল সামাদ, রেজাউল ইসলাম এবং মেহরাব হোসেনও উইকেট শিকারে মেতে উঠলে অসহায় আত্মসমর্পন করতে বাধ্য হয় উগান্ডা। তিনজনই দু’টি করে উইকেট লাভ করেন।
আগের দুই ম্যাচের মত এই ম্যাচেও বাংলাদেশের বোলাররা অতিরিক্ত রান দিতে কার্পন্য দেখাননি। বলা বাহুল্য, উগান্ডার ইনিংসে সর্বোচ্চ ৩২ রান আসে ‘মি: এক্সট্রা’র কাছ থেকে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন কিয়োবে। দলের আর কোন ব্যাটসম্যানই দুই অংকের রান করতে সক্ষম হননি।
ম্যাচের সবেধন নীলমনি একমাত্র হাফ সেঞ্চুরিটির জন্য ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন মুশফিকুর রহিম।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ- ২৫৫/১০ (তামিম ইকবাল ৩৯, সাকিব ২০, মেহরাব ২৯, মুশফিকুর রহিম ৬৪, ইশরাক সনেট ৩৭, অতিরিক্ত ২৪, সিমান্দা ৪/৪৩, ওচান ২/৬১, ওকেলো ২/৩১)
উগান্ডা- ৮৪/১০ (আর্থার কিয়োবে ৩১, অতিরিক্ত ৩২, ইশরাক সনেট ৩/২৬, নাবিল ২/১০, মেহরাব ২/১০, মেহরাব ২/৭)।
