দুই মাস বিরতির পর বুধবার মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট
দীর্ঘ দুই মাস বিরতির পর বুধবার থেকে দেশের তিনটি ভেন্যুতে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে আবারও শুরু হচ্ছে ইস্পাহানী সপ্তম জাতীয় ক্রিকেট লিগ।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা খেলবে খুলনার বিরুদ্ধে, রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিক দলের বিরুদ্ধে লড়বে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে সিলেট এবং বরিশাল।
লিগের একদিনের এবং চারদিনের ম্যাচের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। চারদিনের ম্যাচের তিনটির মধ্যে দু’টিতে জয় নিয়ে (১৪ পয়েন্ট) শীর্ষে অবস্থান করছে ঢাকা। ওয়ানডেতেও শীর্ষদল ঢাকা তিন ম্যাচের সবকটিতেই জয় (৬ পয়েন্ট) পেয়েছে।
তবে ছয় পয়েন্ট নিয়ে ওয়ানডে’র পয়েন্ট তালিকায় ঢাকার সাথেই অবস্থান করছে রাজশাহী বিভাগ। দশ পয়েন্ট করে নিয়ে চারদিনের ম্যাচের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট এবং খুলনা।
