ভারতের ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেন অলরাউন্ডার রমেশ পাওয়ার
পাকিস্তানের বিরুদ্ধে চলমান ওয়ানডে সিরিজে ভারতীয় স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার রমেশ পাওয়ার।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি নিরঞ্জন শাহ জানিয়েছেন, অফস্পিনার হরভজন সিং অঙ্গুলের ইনজুরি থেকে সেরে উঠছেন, কিন্তু তারপরও হরভজনের ব্যাকআপ হিসেবেই পাওয়ারকে দলে রাখা হচ্ছে।
ভারতীয় স্কোয়াডের ষোড়শ সদস্য হিসেবে ২৭ বছর বয়স্ক অলরাউন্ডার রমেশ পাওয়ার বুধবার দলের সাথে যোগ দেবেন। পাওয়ার অফস্পিন বল করার পাশাপাশি নীচের দিকে ভালো ব্যাটও করেন। ক্যারিয়ারে মাত্র দু’টি ওয়ানডে খেলেছেন, আর দু’টিই ২০০৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে।
অনুশীলনে আঙ্গুলে চোট পাওয়ায় পেশোয়ারে প্রথম ওয়ানডে ম্যাচটি মিস করেছেন হরভজন সিং।
পেশোয়ারে প্রথম ম্যাচ জিতে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। রাওয়ালপিন্ডিতে শনিবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে।
