বান্দারার স্পিনভেল্কিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভিবি সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা
সুপারসাব মালিঙ্গা বান্দারার মায়াবী স্পিনের যাদুতে ভিবি সিরিজের দ্বাদশ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭৬ রানে হারিয়ে বেস্ট অব থ্রি’র ফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। সেই সাথে সুপারসাব হিসেবে নিজের যোগ্যতা ভালোভাবেই প্রমান করলেন বান্দারা।
অ্যাডিলেডে শুক্রবার বেস্ট অব থ্রি ফাইনালের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা।
ফাইনালে ওঠার ম্যাচটি হাড্ডাহাড্ডি হবে, এটা অনেকেই আশা করেছিলেন। কিন্তু দু’দলের মধ্যে বান্দারা একাই পার্থক্য গড়ে দেওয়ায় শেষাবধি ম্যাচটি হয়ে যায় একপেশে। নয় ওভারে ৩১ রানের বিনিময়ে চার উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারটাও যথারীতি বান্দারার পকেটে।
বড় সংগ্রহ গড়ে দক্ষিন আফ্রিকার সামনে পাহাড়সম টার্গেট ছুঁড়ে দেওয়ার লক্ষ্যেই শ্রীলঙ্কার অধিনায়ক মারভান আতাপাত্তু সকালে টসে জিতে হোবার্টের ব্যাটিং উইকেটে চোখকান বুজে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কিন্তু উদ্বোধনী জুটি এবং দ্বিতীয় উইকেট জুটি ছাড়া শ্রীলঙ্কার ইনিংসে আর কোন বড় পার্টনারশীপ গড়ে ওঠেনি।
ফলে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২৫৭ রানেই সন্তুষ্ট থাকতে হয় আতাপাত্তুদের। তবে এই স্কোরকেই জয়ের জন্য যথেষ্ট প্রমান করেছেন লঙ্কান বোলাররা।
সূচনাতে অধিনায়ক আতাপাত্তু এবং সনথ জয়সুরিয়া ৫২ রান করে দলকে শক্ত অবস্থানের দিকে নিয়ে যাওয়ার আশা দেখালেও বাধ সাধেন শন পোলক। বিপজ্জনক জয়সুরিয়াকে (২৫) অল্প সংগ্রহইে ফিরিয়ে দেন বোল্ড করে। ৫২ রানে উদ্বোধনী জুটি ভাঙ্গার পর আতাপাত্তুর সাথে দলের হাল ধরেন উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারা। মূলত এই জুটিই শ্রীলঙ্কাকে বিপর্যয় থেকে রক্ষা করে।
এই জুটিতে রান ওঠে ১২৩। আর দুই ব্যাটসম্যানই হাফ সেঞ্চুরি করে দু’জনই ভ্যান ডার ওয়াথের বলে আউট হন। আতাপাত্তু ১২২ বলে পাঁচটি বাউন্ডারির মাধ্যমে ৮০ রান করে অ্যান্ড্রু হলের হাতে ক্যাচ দেন। আর সাঙ্গাকারা ৭৭ বলে পাঁচটি চারের সহায়তায় ৬২ রান করে ধরা পড়েন ডিপেনারের হাতে।
এরপরই শ্রীলঙ্কার ইনিংসে মড়ক লাগে। মিডল অর্ডারে শুধুমাত্র তিলকরত্নে দিলশান কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন। কিন্তু লড়াইয়ে কাউকে সঙ্গী হিসেবে পাননি। ২৪ বলে দু’টি চার এবং একটি ছয়ে ৩০ রান করে অ্যান্ড্রু হলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন দিলশান।
শ্রীলঙ্কা ৭৯ রানের মধ্যে তাদের শেষ সাতটি উইকেট হারায়। অ্যান্ড্রু হল তিনটি, ল্যাঙ্গাভেল্ট এবং ভ্যান ডার ওয়াথ দু’টি করে উইকেট লাভ করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই ধুঁকতে থাকে দক্ষিণ আফ্রিকা। দলের ১৯ রানে দুই উইকেটের পতন হওয়ায় আরও সঙ্গীন হয়ে পড়ে প্রোটিয়াসদের অবস্থা। তবে এর মধ্যেই একমাত্র অধিনায়ক গ্রায়েম স্মিথ মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছিলেন।
স্মিথ এক প্রান্ত আগলে খেলে গেলেও অন্যপ্রান্তে সতীর্থদের আত্মাহুতি দেখছিলেন অসহায়ভাবে। দলের সর্বোচ্চ রানটিও আসে স্মিথের ব্যাট থেকে। ৬৭ রান করে ম্যাচের হিরো বান্দারার বলে মুরলিধরনের হাতে ক্যাচ দেন প্রোটিয়াস অধিনায়ক। ৭৬ বলে সাজানো তার ইনিংসে বাউন্ডারি ছিল পাঁচটি।
এছাড়া মিডল অর্ডারে নেমে মার্ক বাউচার ২৪ এবং অ্যাশওয়েল প্রিন্স ২২ রান করেন। দক্ষিণ আফ্রিকার পাঁচ ব্যাটসম্যান দুই অংকের রান করতে ব্যর্থ হন। শেষ ব্যাটসম্যান ল্যাঙ্গাভেল্টকে মুবারকের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন দিলশান। ১৮১ রানেই থেমে যায় দক্ষিণ আফ্রিকার রানের চাকা। সেই সাথে টুর্নামেন্ট থেকে তাদের বিদায়ও নিশ্চিত হয়ে যায়।
