২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহরাবের নৈপুণ্যে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালের পথে প্রথম বাধা সহজেই টপকে গেছে বাংলাদেশ। কলম্বোর পি সারাভানামুত্তু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডকে তিন উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে জুনিয়র টাইগাররা। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় আরও তিনটি খেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 06:56 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

নিউজিল্যান্ডের ১৭৫ রানের জবাবে মেহরাব হোসেন জুনিয়রের নৈপুণ্যে ভর করে ১২ দশমিক এক ওভার বাকি থাকতেই সাত উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

মেহরাব বল হাতে ২৯ রান খরচায় চার উইকেট শিকারের পর ব্যাট হাতে ৬৯ বলে দু’টি চারের সহায়তায় ৩৮ রান করে অপরাজিত থাকেন।

তবে ব্যাটিংয়ের শুরুতে কিউই বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। দলের পাঁচ রানে ফিরে যান দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। কিন্তু পরবর্তীতে তৃতীয় উইকেট জুটিতে রকিবুল হাসান এবং সাকিবুল হাসান ২৬ রানের পার্টনারশিপ গড়ে দলের প্রাথমিক বিপর্যয় সামাল দিতে সক্ষম হন।

দলের টপ অর্ডারের চার ব্যাটসম্যান একে একে প্যাভিলিয়নে ফিরে গেলেও মূলত মিডল অর্ডারের দৃঢ়তার কারণেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। শামসুর রহমান ৩০, মেহরাব হোসেন অপরাজিত ৩৮, মুশফিকুর রহিম ২৬ এবং সোহরাওয়ার্দী শুভ ১৮ রান করে তিন উইকেট হাতে রেখেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

নিউজিল্যান্ডের বেনেট এবং সাউদি দু’টি করে উইকেট লাভ করেন।

এর আগে বাংলাদেশ টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায়। কিন্তু দুই বোলার মেহরাব হোসেন জুনিয়র এবং সোহরাওয়ার্দী শুভ’র নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে মাথা তুলে দাঁড়াতে পারেননি কিউই ব্যাটসম্যানরা। দুই বোলার প্রতিপক্ষের সাতটি উইকেট ভাগাভাগি করে নিলে ১৭৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

নিউজিল্যান্ডকে আরও কম রানে বেধে রাখা সম্ভব হতো, কিন্তু বাংলাদেশের বোলাররা অতিরিক্ত ৩৩ রান দেওয়ায় সম্মানজনক রান করতে সক্ষম হয় তারা। অতিরিক্ত রানের মধ্যে ওয়াইডই ছিল ২২টি, এছাড়া দশটি নো বল এবং একটি বাই রান দেয় বাংলাদেশের বোলাররা।

সূচনাটা ভালোই করেছিল কিউইরা। উদ্বোধনী জুটিতে টুড অ্যাষ্টল এবং মার্টিন গুপটিল ৫৭ রান করে বড় ইনিংস গড়ার আভাস দেন। কিন্তু ২৪ রান করে গুপটিল নাবিল সামাদের বলে সাকিবের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিলে বড় ইনিংস গড়ার স্বপ্ন মুছে যায়। পরে ওয়ানডাউনে নামা নুয়েমা-বারনেটকেও শুন্যরানে ফিরিয়ে দেন নাবিল। ১৮ রান খরচায় দুই উইকেটেই সন্তুষ্ট থাকতে হয় এই বাঁ হাতি স্পিনারকে।

এরপর মেহরাব হোসেন ২৯ রানে চার উইকেট নিয়ে প্রতিপক্ষের মিডল অর্ডার ধসিয়ে দেন। আর প্রতিপক্ষের লেজটা ছেঁটে দেন সোহরাওয়ার্দী শুভ। ৩৬ রান দিয়ে তিন উইকেট তুলে নেন শুভ।

নিউজিল্যান্ডের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান অ্যাষ্টল সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়া এলিসন এবং হীরা ২২ রান করে সংগ্রহ করেন।

উদ্বোধনী দিনের বাকি তিনটি ম্যাচের মধ্যে একটিতে অস্ট্রেলিয়া ১৪১ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভসূচনা করেছে।

এর আগে শনিবার সন্ধ্যায় কলম্বোতে আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। শ্রীলঙ্কায় এবার দ্বিতীয়বারের মত জুনিয়র বিশ্বকাপের আসর বসছে।

১৯৯৮ সাল থেকে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। গত কয়েকবছরে এই টুর্নামেন্ট থেকে বেশ কিছু চমৎকার স্কোরও বেরিয়ে এসেছে।

উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষন ছিল বিশাল হাতির পিঠে বিশ্বকাপ ট্রফি বহন। হাতির পিঠে চড়ে বাহক বিশ্বকাপের ট্রফি আইসিসির সভাপতি ম্যালকম স্পিডের হাতে তুলে দেয়।