ক্রিকেট বোর্ডের সভায় উত্তপ্ত বাক্য বিনিময়, দস্তগীরের ওয়াকআউট
উত্তপ্ত বাক্য বিনিময় আর সহ-সভাপতি গাজী গোলাম দস্তগীরের ওয়াকআউটের মধ্য দিয়ে শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাহী কমিটির বিশেষ সভা।
সভায় বোর্ডের নতুন স্ট্যান্ডিং কমিটির জন্যে গঠিত কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে।
আগের সাত সদস্য বিশিষ্ট কমিটির নতুন দুই সদস্য হলেন- বিসিবি’র সহ সভাপতি শাহ নুরুল কবির শাহীন এবং গোলাম রসুল মোল্লা। শনিবার রাতেই স্ট্যান্ডিং কমিটি গঠনের উদ্দেশ্যে ওই নয় সদস্য বিশিষ্ট কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাহী কমিটির বিশেষ এই সভার মাঝবিরতিতে ফেনীর সদস্য মহিউদ্দিন বুলবুল এবং রাজশাহীর সদস্য মাহমুদ জামাল স্ট্যান্ডিং কমিটিতে তাদের সংশ্লিষ্টতার বিষয় নিয়ে কমিটির অন্যান্য সদস্যদের সাথে উচ্চস্বরে বিতর্কে লিপ্ত হন। এ সময় বোর্ডের সাধারণ সম্পাদক মাহবুব আনাম পেছনের দরজা দিয়ে সভাস্থল ত্যাগ করে চলে যান।
বোর্ড সভাপতি আলী আসগর লবির অনুপস্থিতিতে বৈঠকে সভাপতির দায়িত্ব পালন করা শাহ নুরুল কবির শাহীন সাংবাদিকদের জানান, ব্যক্তিগত কারণে সাধারণ সম্পাদক সভা ত্যাগ করেছেন, তবে ঘন্টাখানেকের মধ্যে তিনি ফিরে আসবেন। কিন্তু শেষ পর্যন্ত মাহবুব আনাম আর বৈঠকে যোগ দেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাহী কমিটির একজন সদস্য বিশৃংখল এই অবস্থার মধ্যেই জানান, যাদের উপর স্ট্যান্ডিং কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের মধ্যেই তিনটি গ্রুপ। তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, তাহলে কমিটি গঠন হবে কিভাবে?
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত ক্রিকেট বোর্ডের বহু প্রতিক্ষিত নির্বাহী কমিটির সভায় নতুন স্ট্যান্ডিং কমিটি গঠনের জন্যে বোর্ডের সহ-সভাপতি আজিজ আল কায়সার টিটো, সাধারণ সম্পাদক মাহবুব আনাম, দুই যুগ্ম সম্পাদক রিয়াজউদ্দিন আল মামুন এবং রফিকুল ইসলাম বাবু, সদস্য খন্দকার জামিলউদ্দিন, শাহীন আফতাবুর রহমান রেজা এবং আসাদুজ্জামান খসরুর সমন্বয়ে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় এবং ৪৮ ঘন্টার মধ্যে কমিটিকে সব স্ট্যান্ডিং কমিটির নাম জমা দেওয়ার জন্যে বলা হয়।
নির্বাহী কমিটির শনিবারের বিশেষ সভা শেষে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানদের নাম ঘোষণার কথা ছিল। কিন্তু ৪৮ ঘন্টা পার হয়ে ছয় দিন অতিবাহিত হয়ে গেলেও কমিটি নিজেরাই বসতে ব্যর্থ হয়েছেন, চেয়ারম্যান তো আরও পরের বিষয়।
ঢাকার আর্ন্তজাতিক ভেন্যুর মর্যাদা না পাওয়ার বিষয় নিয়েও সভায় কিছুক্ষণের জন্যে অচলাবস্থার সৃষ্টি হয়। বাংলাদেশ ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর এবারই প্রথম রাজধানী ঢাকায় কোন টেস্ট ম্যাচ আয়োজন করতে না পারায় সভা শুরুর আগে বোর্ডের সহ সভাপতি গাজী গোলাম দস্তগীর কিছুসময়ের জন্যে সভা থেকে প্রতীকী ওয়াকআউট করেন।
ঢাকাকে আর্ন্তজাতিক ভেন্যু হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অনিচ্ছা দেখানোর অভিযোগে দস্তগীর সভায় একটি নিন্দা প্রস্তাব উত্থাপন করেন। কিন্তু সভায় নিন্দা প্রস্তাবটি খারিজ হয়ে গেলে তিনি ওয়াকআউট করেন।
সভায় বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মাহমুদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। তাছাড়া ফেব্রুয়ারি-মার্চে শ্রীলঙ্কার বাংলাদেশ সফরে ভেন্যু ইনচার্জ হিসেবে সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর এবং এম আর সিদ্দিক লেমনকে যথাক্রমে চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম এবং বগুড়া স্টেডিয়ামের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমানকে প্রধান পৃষ্ঠপোষক করে গঠিত হয়েছে ট্যুর অর্গানাইজিং কমিটি। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বোর্ড সভাপতি আলী আসগর লবি, এছাড়া সাংগঠনিক সম্পাদক এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে বোর্ডের সহ সভাপতি শাহ নুরুল কবির শাহীন এবং সাধারণ সম্পাদক মাহবুব আনাম।
