২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকাকে ৮০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া

দ্রুতগামী বোলার ব্রেট লি’র দুর্দান্ত বোলিং এবং অ্যান্ড্রু সাইমন্ডস ও মাইক হাসির চমৎকার ব্যাটিংয়ের সুবাদে শুক্রবার চলতি তিনজাতি ভিবি সিরিজের সীমিত ওভারের খেলায় অস্ট্রেলিয়া ৮০ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সিডনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 07:51 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

সাইমন্ডস ৬৫ ও হাসি ৬২ রান করেন। তারা দু’জনে মিলে মাত্র ৭৯ বলে ১০৯ রানের জুটি গড়ে তুলেন। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের কল্যাণে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৮১ রান সংগ্রহ করেন।

জবাবে ব্যাট করতে নেমে লি’র ২১ রানে চার উইকেট শিকারের সুবাদে দক্ষিণ আফ্রিকা পুরো পঞ্চাশ ওভার খেলে নয় উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করেন।

দক্ষিণ আফ্রিকার ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলে লি শূন্য রানে অধিনায়ক গ্রায়েম স্মিথকে এলবিডব্লিউ করেন।

তৃতীয়বারের মত স্ত্রীর শরীরে ক্যান্সার ধরা পড়ায় অস্ট্রেলিয়ার বর্ষীয়ান দ্রুতগামী বোলার ম্যাকগ্রা মেলবোর্নের ডকল্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করেনি। তার জায়গায় লিকে ফিরিয়ে আনা হয়।

অস্ট্রেলিয়ার ইনিংসের সূচনাটা হয়েছিল দুর্দান্ত। অ্যাডাম গিলক্রিস্ট (৩৩) ও  সাইমন কাটিচ (২৫) দলকে ভাল সূচনা উপহার দেন। কিন্তু মার্টিন (৩৪), পন্টিং (৫৩) ও মাইকেল ক্লার্ক (এক) খুব দ্রুত আউট হয়ে গেলে স্বাগতিক দল এক পর্যায়ে ৩৭ ওভার শেষে ১৩৭ রানে পাঁচ উইকেট হারিয়ে বসে।

কিন্তু হাসি ও সাইমন্ডস জুটি খেলার গতি পাল্টে দেন। তাদের আক্রমণাত্মক ব্যাটিং দর্শকদের বেশ আনন্দ দিয়েছে।

হাসি নয়টি চারের সহায়তায় ৫৮ বলে ৬২ রান করেন। তিনি এক পর্যায়ে জোহান ভ্যান ডারের সাত বলে ছয়টি চার মারেন।

সাইমন্ডস ৬০ বলে ৬৫ রান করেন। ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে তিনি স্মিথের এক ওভারে ১৯ রান তুলে নেন।

ভ্যান ডার ৮২ রান দিয়ে দু’টি উইকেট লাভ করেন। অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ ওভারে তিনি হাসিকে আউট করেন।

দক্ষিণ আফ্রিকার সূচনাটা হয়েছে অস্ট্রেলিয়ার প্রায় উল্টো। অধিনায়ক স্মিথ কোন রান না করেই ফিরে যাওয়ার পর পরই ইনিংসের সপ্তম ওভারে মাত্র সাত রান করে উদ্বোধনী ব্যাটসম্যান বোয়েটা ডিপেনার আউট হয়ে যান।

সুপার-সাব জোহান বোথা ৪৬, হার্শেল গিবস ৩৩ ও অ্যাশওয়েল প্রিন্স ২৪ রান করে কিছুক্ষণের জন্য অস্ট্রেলিয়ার প্রতি হুমকি হয়ে দেখা দেন। দ্বিতীয়বারের মত বল করতে এসে লি তাদের জয়ের স্বপ্ন ভেঙ্গে দেন।

অস্ট্রেলিয়া বেস্ট-অব-থ্রির ফাইনালে নিজেদের স্থান চূড়ান্ত করলেও ফাইনালে খেলতে হলে দক্ষিণ আফ্রিকাকে বাকি দু’ম্যাচের একটিতে জিততে হবে।

ভিবি সিরিজের পরবর্তী খেলায় অস্ট্রেলিয়া মঙ্গলবার সিডনিতে শ্রীলংকার মোকাবিলা করবে।