২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক পাচারের অভিযোগে পেলের ছেলে আবার গ্রেপ্তার

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের ছেলে এডসন চলবি ডি নাসিমেনতোকে পুলিশ মাদক ও অর্থ পাচারের সাথে জড়িত থাকার সন্দেহে আবারও গ্রেপ্তার করেছে বলে পুলিশ শুক্রবার জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিও ডি জেনেইরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 07:12 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

এডিনহো নামে পরিচিত এডসনকে (৩৪) পুলিশ গ্রেপ্তার করে সান্তোসের জেলে আটকে রেখেছে।

পার্শ্ববর্তী প্রাইয়া শহরের একজন বিচারক এডসন ও অপর ছয় ব্যক্তিকে মাদক ও অর্থ পাচারের অভিযোগে জেলে আটক রাখার নির্দেশ দেন।

এডসনের গ্রেপ্তারের ঘটনা এটাই প্রথম নয়। সান্তোস ক্লাবের সাবেক গোলরক্ষক এডসনকে কুখ্যাত এক মাদক চোরাকারবারির সাথে সম্পর্ক থাকার অভিযোগে পুলিশ ২০০৫ সালের জুনে গ্রেপ্তার করেছিল। একই বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার আগে তাকে ছয় মাস জেলে কাটাতে হয়েছে।

সেবার এডসন মারিজুয়ানা সেবনের কথা স্বীকার করলেও কোন মাদক পাচারকারীর সাথে সম্পর্ক থাকার কথা অস্বীকার করে।

দ্বিতীয়বারের মত পুলিশ এডসনকে গ্রেপ্তার করলেও কবে তাকে আদালতে হাজির করা হবে তা এখন পর্যন্ত ঠিক করা হয়নি।