প্রিমিয়ার ক্রিকেটের শিরোপা ধরে রাখলো ওল্ড ডিওএইচএস
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা নিজেদের ঘরেই রেখে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস। বিকেএসপি - ২ মাঠে বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে মাত্র পাঁচ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করে ডিওএইচএস।
অন্যদিকে আর্বিভাবেই রানার্স আপ শিরোপা নিশ্চিত করেছে সোনারগাঁও ক্রিকেটার্স। ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা প্রত্যাশী মোহামেডান স্পের্টিং ক্লাবের বিরুদ্ধে ৪৩ রান জয় পায় নবাগতরা।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে এক উইকেটে হারিয়ে সুপার সিক্সে প্রথম জয়ের স্বাদ নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
যদিও সুপার সিক্সের এক রাউন্ড বাকি রয়েছে, তথাপি ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশীপ ধরে রেখেছে ওল্ড ডিওএইচএস। সমানসংখ্যক ম্যাচে রানার্স আপ সোনারগাঁওয়ের সংগ্রহ ২২ পয়েন্ট।
মোহামেডান এবং ভিক্টোরিয়া সমান ১৮ পয়েন্ট করে লাভ করেছে। শেষ রাউন্ডের খেলার পর দু’টি দলের মধ্য থেকে তৃতীয় দল নিশ্চিত হয়ে যাবে। ১৫ ম্যাচে বিমান ১৬ এবং ব্রাদার্স ১৪ পয়েন্ট লাভ করেছে।
ডিওএইচএস বনাম বিমান
প্রথম ব্যাট করতে নেমে ডিওএইচএস ৫০ ওভারে আট উইকেটে ২৩০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। অধিনায়ক আকরাম খান ৮৮ বলে সাতটি চারে ৬৯ রান করে অপরাজিত থাকেন।
দলের রান মেশিন স্টিভ টিকোলো লিগের নবম হাফ সেঞ্চুরিও তুলে নেন। ৫০ বলে ৫৫ রান করেন টিকোলো। এছাড়া গোলাম রহমান ৪০ রান করেন।
বিমানের মোশাররফ হোসেন তিনটি, জামালউদ্দিন ও মোহাম্মদ শরীফ দু’টি করে উইকেট তুলে নেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে বিমান ৪৬ দশমিক দুই ওভারে ২২৫ রানে অলআউট হয়ে যায়। ডিওএইচএস’র আব্দুর রাজ্জাক ৩৪ রানে তিনটি এবং শাহাদত হোসেন রাজিব ২৪ রানে দুই উইকেট নিয়ে বিমানের রানের চাকা থামিয়ে দেন।
বিমানের ওপেনার জাভেদ ওমর ১২৫ বলে ১০৯ রান করেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। লিগে এটা ষষ্ঠ সেঞ্চুরি। অধিনায়ক সানোয়ার হোসেন ৪১ এবং মুশফিকুর রহমান ২৪ রান করলেও ২২ রানের মধ্যে শেষ চার উইকেটের পতন হওয়ায় জয়ের কাছে এসেও ফিরে যেতে হয় বিমানকে।
সোনারগাঁও বনাম মোহামেডান
প্রথম ব্যাট করা সুযোগ পেয়ে বড় বাজেটের দল সোনারগাঁও ক্রিকেটার্স ৫০ ওভারে ছয় উইকেট খুইয়ে ২৮২ রানের লড়াকু স্কোর গড়ে। দলের পক্ষে উইকেটরক্ষক সেলিম সর্বোচ্চ ৭০ রান করেন। এছাড়া রোকন ৫৯ এবং শ্রীধরন ৫৩ রান করেন। আনিসুর রহমান ৪৮ এবং অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ২৫ রানের দু’টি কার্যকর ইনিংস খেলেন।
জবাবে আশরাফুল, রবিন এবং তাপসের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪২ দশমিক পাঁচ ওভারে ২৩৯ রানে গুটিয়ে যায় মোহামেডানের ইনিংস। অধিনায়ক হাবিবুল বাশার সর্বোচ্চ ৫৮, নাদিফ ৪০, ধীমান ৩৩ এবং অতিরিক্ত খাত থেকে আরও ৩৩ রান আসলেও মোহামেডানের রানার্স আপ হওয়ার স্বপ্ন মুছে যায়।
আশরাফুল এবং রবিন তিনটি করে উইকেট লাভ করেন। তাপস নেন দু’টি উইকেট।
ব্রাদার্স বনাম ভিক্টোরিয়া
প্রথম ব্যাট করে ভিক্টোরিয়া ১৯৫ রানে অলআউট হয়ে যায়। ৪১ রানে পাঁচ উইকেট নিয়ে ভিক্টোরিয়ার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন আরাফাত সানী। ভিক্টোরিয়ার পক্ষে মাহবুব আলম ৯৩ বলে সর্বোচ্চ ৫৩ রানে অপরাজিত থাকেন। এছাড়া দলের পাকিস্তানি রিক্রুট জাফর কোরেশী ৩৯ রান করেন।
জবাবে ব্রাদার্স ইউনিয়ন নয় ওভারে ১৯৭ রান করে জয় তুলে নেয়। সালাউদ্দিন ৪৯ এবং রুবায়েতের অপরাজিত ৩০ রানে ভর করে জয় ছিনিয়ে নেয় গোপিবাগের দলটি।
