ভারতকে ৩৪১ রানে হারিয়ে সিরিজ পাকিস্তানের
এমন জয়ইতো আশা করে সবাই। জয় পরাজয়ের ব্যবধানটা বড় হবে সেটা সবাই আন্দাজ করে নিয়েছিলেন। করাচিতে ভারতকে দ্বিতীয় ইনিংসে ২৬৫ রানে অল আউট করে দিয়ে ৩৪১ রানে ম্যাচ জেতে পাকিস্তান।
এই জয়ে ২০০৩/০৪ এর সিরিজ পরাজয়ের শোধটা ভালোভাবেই নিয়ে নিল। তিন টেস্টের সিরিজ একদিন বাকি থাকতেই ১-০ তে জিতে নিল ইনজামামের দল। দীর্ঘ ১৯ বছর পর ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতলো পাকিস্তান। টেস্ট ক্রিকেটে ভারতের অবশ্য দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে পরাজয়। ২০০৪ সালের অক্টোবরে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৪২ রানে হেরেছিল ভারত।
করাচি টেস্ট জিততে হলে ভারতকে রীতিমত অসাধ্য সাধন করতে হতো। ভারতের জন্যে যেখানে আসাধ্য সাধন, পাকিস্তানের জন্যে সেখানে অবশ্য কাজটা অনেকটাই সহজসাধ্য ছিল। কারণ ৬০৬ রানের পুঁজি নিয়ে বোলার কতটা স্বচ্ছন্দ্যে বল করতে পারে সেটা চতুর্থ দিনের খেলা শেষেই বোঝা গেছে।
করাচি স্টেডিয়ামের কমেন্ট্রিবক্স থেকে শুরু করে সব জায়গাতেই তৃতীয় দিন বিকেল পর্যন্ত একটাই প্রশ্ন উড়ে বেড়াচ্ছিল, কখন দান ছাড়বে পাকিস্তান? ভারত দলপতি রাহুল দ্রাবিড়কে হতাশ করে দিয়ে অপরাজিত অবস্থায় আগেরদিন সাজঘরে ফেরেন ফয়সাল ইকবাল (১০৩) এবং আব্দুর রাজ্জাক (৪৪)। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে ৫১১ রান তুলে ফেলে স্বাগতিকরা। সবমিলিয়ে আগের দিনই ভারতের সামনে ছিল ৫১৮ রানের লিড।
চতুর্থ দিন দ্রাবিড়ের হতাশা আরও বাড়িয়ে দিয়েছেন ফয়সাল এবং রাজ্জাক। সকালের আর্দ্রতাকে কাজে লাগিয়ে প্রথম সেশনেই দু’একটি উইকেট নেওয়ার ভারতীয় আশায় পানি ঢেলে বেশ দ্রুততার সাথেই রান তুলতে থাকেন এই দুই ব্যাটসম্যান। সকাল থেকেই ন্যাশনাল স্টেডিয়ামের গাল্যারি ভাসতে থাকে চার ছয়ের বন্যায়। লক্ষ্য পরিস্কার, দুঃসাধ্য একটি টার্গেটের সামনে ভারতকে ঠেলে দেওয়া। পরিকল্পনায় সফল পাক থিংক ট্যাংক।
ফয়সাল ইকবাল আগেরদিনই প্রথম টেস্ট সেঞ্চুরির স্বাদ পেয়ে গিয়েছিলেন। চতুর্থ দিন সকালে অবশ্য বেশিদুর অগ্রসর হতে পারেননি এই তরুণ। ফয়সালকে টেন্ডুলকারের ক্যাচ বানিয়ে সকালে প্রথম ব্রেক থ্রু এনে দেন জহির খান। ২২০ বলে ১৬টি চার এবং একটি ছয়ে ১৩৯ রান করেন ফয়সাল।
অন্যপ্রান্তে আব্দুল রাজ্জাকও ক্রমেই সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু শতরান থেকে দশ রান দুরে থাকতে তাকে থামিয়ে দেন কুম্বলে। ১৪১ বলে পাঁচটি চার এবং চারটি বিশাল ছক্কার সাহায্যে ৯০ রান করে যুবরাজের হাতে ধরা পড়েন নির্ভরযোগ্য এই অলরাউন্ডার।
পরে মোহাম্মদ আসিফকে সাথে নিয়ে ভারতের দ্বিতীয় ইনিংস গুড়িয়ে দেন রাজ্জাক। ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র কুম্বলে কিছুটা সমীহ আদায় করে নিতে পেরেছেন। ১৫১ রান খরচায় তিন উইকেট পেয়েছেন অভিজ্ঞ এই স্পিনার।
ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি। কাঁধের উপর যে বড় টার্গেট ছিল, ভেঙ্গে পড়ার জন্য সেটাই যথেষ্ট ছিল। তারওপর আবার স্কোর বোর্ডে ৭৪ উঠতেই চার উইকেট লাপাত্তা। এর মধ্যে আবার দলের আট রানে ফিরে যান দুই উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দ্র শেওয়াগ (৪) এবং অধিনায়ক রাহুল দ্রাবিড় (২)।
ভিভিএস লক্ষণ এবং মাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ভালো খেলার আভাস দিলেও বাধ সাধেন আসিফ। লক্ষণকে ২১ রানে আর টেন্ডুলকারকে ২৬ রানে ফিরিয়ে দেন আসিফ। আসিফের দুর্দান্ত বলে দুজনেরই স্ট্যাম্প উপড়ে যায়।
ভারতের ইনিংসের সিংহভাগ রান এসেছে পঞ্চম উইকেট জুটিতে। পাকিস্তানি বোলারদের তোপের মুখেও এই জুটিতে সৌরভ গাঙ্গুলি এবং যুবরাজ সিং মূল্যবান ১০৩ রান সংগ্রহ করেন। নগন্য (অনেকের কাছে), অথচ মূল্যবান একটি তথ্য না দিলেই নয়। ভারতের দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রানটি কিন্তু এসেছে স্কোয়াডে জায়গা করে নিতে যাকে লড়তে হচ্ছে জানপ্রান দিয়ে সেই সৌরভের ব্যাট থেকেই। ৫৬ বলে ছয়টি চারের মাধ্যমে ৩৭ রান করে রাজ্জাকের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ‘দাদা’।
পাকিস্তানের জয়ের পথে একমাত্র কাঁটা হয়ে দাঁড়াতে পেরেছিলেন যুবরাজ সিং। শেষ ব্যাটসম্যান হিসেবে তিনিই আউট হয়েছেন। এই টেস্টে ইরফান পাঠানের রেকর্ড প্রথম ওভারে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট লাভের পর ভারতের প্রাপ্তি বলতে দ্বিতীয় ইনিংসে যুবরাজের সেঞ্চুরি। করাচি যুবরাজের লাকি গ্রাউন্ড, এটা তিনি ভালোই জানেন। খেলেছেনও নির্ভার হয়ে। দলকে জেতাতে পারেননি ঠিকই কিন্তু স্বীকার করতে হবে ক্যারিয়ার সেরা ১২২ রান করে দলের মান কিছুটা হলেও তো বাঁচাতে পেরেছেন। ভারতের আগে পাকিস্তান সফরে এই করাচিতেই করেছিলেন ক্যারিয়ার সেরা ১১২ রান। আব্দুল রাজ্জাকের বলে কামরান আকমলের হাতে ক্যাচ দেওয়ার আগে খেলেছেন ১৪৪ বল, আর ১৯টি বাউন্ডারি এবং একটি ছক্কাও হাঁকিয়েছেন।
ব্যাট হাতে ৯০ রান করার পর বল হাতে চার উইকেট নিয়ে ভারতের ব্যাটিংলাইন নড়বড়ে করে দেন আব্দুল রাজ্জাক। আরেক পেসার মোহাম্মদ আসিফও তিন উইকেট নিয়ে রাজ্জাককে যোগ্য সহায়তা দিয়ে গেছেন। রান দেওয়ার ক্ষেত্রেও অন্যদের চাইতে কৃপণ ছিলেন আসিফ। ১২ ওভারে মাত্র ৪৮ রান দিয়েছেন তিনি।
৯০ রান আর চার উইকেট, ম্যান অব দ্য ম্যাচের লড়াইতে ছিলেন রাজ্জাক। প্রথম টেস্ট সেঞ্চুরি করে পুরস্কারের দাবিদার ছিলেন ফয়সাল ইকবালও। কিন্তু সবাইকে ছাপিয়ে ম্যাচ সেরার পুরস্কারটা গেছে কামরান আকমলের ঝুলিতে। আর পুরো সিরিজে পাকিস্তানের রান মেশিনে পরিণত হওয়া সহঅধিনায়ক ইউনিস খানকে প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কার না দিলে রীতিমত অন্যায় হতো।
