ক্রিস্টিয়ানো রোনালদোর পায়ে পায়ে এগিয়ে চলেছে ম্যান ইউ
ইংলিশ প্রিমিয়ারে কয়েক ম্যাচ ধরে এটা যেন নিয়মই হয়ে দাঁড়িয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যান ইউ) বিপদে পড়বে আর দু গোল করে তাদের পয়েন্ট তালিকার শীর্ষে বসিয়ে রাখবেন ক্রিস্টিয়ানো রোনালদো-এর ব্যাতিক্রম খুব একটা হচ্ছেনা আজ-কাল।
শনিবারও রিডিংয়ের বিপক্ষে পয়েন্ট খোয়ানোার শঙ্কার মুখে পড়ে গিয়েছিল ম্যান ইউ। কিন্তু দু গোল করে ঠিকই তাদের ৩-২ গোলে জিতিয়ে দিয়েছেন রোনালদো।
শনিবার ইংল্যান্ডে বলতে গেলে সবগুলো ম্যাচই হয়েছে তুমুল বৃষ্টির মধ্যে। একটা ম্যাচ পরিত্যক্তই হয়ে গেছে বৃষ্টির জন্য। ওল্ড ট্রাফোর্ডের এ ম্যাচে প্রথমে ম্যান ইউ এগিয়ে যায় ওল গানার সোলকায়েরের গোলে। কিন্তু প্রথমার্ধেই গোল শোধ করে দেন ইব্রাহিমা সোঙ্কো। দ্বিতীয়ার্ধের নায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। পয়েন্ট খোয়ানোর আশঙ্কাকে ম্যান ইউ দূরে ঠেলতে পেরেছে তার দু গোলেই। ২১ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে এখনো ম্যান ইউ। সমান ম্যাচ খেলে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। সর্বশেষ ম্যাচে ফুলহ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করে আবার পয়েন্ট খুইয়েছে তারা। তারপরও ধন্যবাদ দিতে হবে ডিডিয়ের দ্রগবাকে। লিগে দ্রগবা নিজের ত্রয়োদশতম গোলটি না করলে হেরেও বসতে পারত চেলসি। ১৩ গোল নিয়ে আইভরি কোস্টের এই স্ট্রাইকারই এখন গোল তালিকার শীর্ষে। ১২ গোল নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো ঠিক তার পেছনে। রোনালদো যেভাবে এগোচ্ছেন তাতে দ্রগবাকে ছাড়িয়ে যেতে পারেন যে কোনো সময়। সর্বশেষ তিন ম্যাচের প্রতিটিতে দুটো করে মোট ৬ গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো!
