শেষ বলে জয় পেল নিউজিল্যান্ড
আগের ম্যাচের ঠিক বিপরীত দৃশ্য ম্যাচ শেষে। সিরিজের প্রথম ম্যাচে জয় নিশ্চিত হওয়ার পর শ্রীলংকানদের ঠোঁটে ছিল স্রেফ আনুষ্ঠানিকতা সারার তৃপ্তি।
দ্বিতীয় ম্যাচের বিজয়ী শ্রীলংকা নয়, নিউজিল্যান্ড। তবে এ জয় শেষে তাদের হাসিতে স্বস্তি আর মুক্তির আনন্দের মিশেল ছিল বললে ভুল হবে না। ম্যাচের একেবারে শেষ বলে ১ উইকেটে জিতেছে তারা। জয়ের আনন্দ তো পেয়েছেই, সঙ্গে কোনো রকমে পরাজয় এড়াতে পারার স্বস্তিও নিশ্চয়ই ছিল ব্ল্যাকক্যাপদের মনে!
আগের ম্যাচে ১০ ওভার হাতে থাকতেই শ্রীলংকাকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিল সনাৎ জয়াসুরিয়ার ঝড়ো গতির সেঞ্চুরি আর উপুল থারাঙ্গার ফিফটি। রোববার দ্বিতীয় ম্যাচে থারাঙ্গা ২৩ রান করলেও জয়াসুরিয়া (১) পুরোপুরি ব্যর্থ। এ কারণে টসে হেরে ব্যাট করতে নামা শ্রীলংকা মাত্র ৪ রানে হারিয়ে বসে প্রথম উইকেট। শুরুর এই ধাক্কা সামলে উঠে আর বড় স্কোর দাঁড় করাতে পারেনি সফরকারীরা। ৫০ ওভারে ৭ উইকেটে ২২৪ রান করে তারা। সাঙ্গাকারার (৮৯) ফিফটির পাশাপাশি আতাপাত্তু (২২), চামারা সিলভা (৩১) আর মাহরুফ ছোটখাট অবদান না রাখলে দু‘শ পেরোনোও কঠিন ছিল। নিউজিল্যান্ডের পক্ষে দুটো করে উইকেট নিয়েছেন মার্ক গিলেস্পি (২/৪৬) ও মাইকেল ম্যাসন (২/৫০)।
ব্রেন্ডন ম্যাককালাম (৩২) আর জেমস মার্শালের (৫০) উদ্বোধনী জুটিটাই বেশ এগিয়ে দিয়েছিল নিউজিল্যান্ডকে। মাত্র ৯.১ ওভারে ৫৭ রান করেন এ দুজন। তারপর জেমস ফ্রাঙ্কলিন ( ৪৫*) আর হামিশ মার্শাল (২৯) ছাড়া বাকিরা খুব একটা ভালো করতে না পারলেও জয় পেয়ে যায় নিউজিল্যান্ড। শেষ ওভারে দরকার ছিল ১ রান। সনাৎ জয়াসুরিয়ার প্রথম পাঁচ বলে এক রানও নিতে পারেননি মাইকেল ম্যাসন। ম্যাচ টাই হওয়ার উপক্রম। কিন্তু শেষ বলে জয়াসুরিয়ার মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে দেন ম্যাসন-চার! ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজে ১-১-এ সমতা ফেরায় নিউজিল্যান্ড। ৩১ রানে ৩ উইকেট নিয়েও দলকে জেতাতে পারেননি মুরালিধরন। ৪৬ বলে ১ উইকেট নেওয়ার পর ৪৬ বলে অপরাজিত ৪৫ রান করায় ম্যান অব দি ম্যাচ হয়েছেন জেমস ফ্র্যাঙ্কলিন।
