ভারতকে ১৭৪ রানে হারালো দক্ষিন আফ্রিকা
আবহাওয়া বার বার বাধা হয়ে দাঁড়িয়েছে। তারপরও ঠিকই জয়ের দেখা পেয়ে গেছে দক্ষিন আফ্রিকা। ডারবান টেস্টে তারা ১৭৪ রানের বড়ো জয়ই তুলে নিয়েছে।
জোহানেসবার্গে হওয়া সিরিজের প্রথম টেস্টটাতে অবশ্য জিতেছিল ভারতই। অর্থাৎ তিন টেস্টের সিরিজে এখন ১-১ এর সমতা। ৩৫৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারত অলআউট হয়ে গেছে মাত্র ১৭৯ রানে।
আগের দিন বীরেন্দর শেবাগ (৮) ও রাহুল দ্রাবিড়কে (৫) আউট করা মাখায়া এনটিনিই দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক। বৃহস্পতিবার ম্যাচের পঞ্চম দিনে শচীন টেন্ডুলকার (০), ওয়াসিম জাফর (২৮ ) এবং সৌরভ গাঙ্গুলীরাও (২৬) তার শিকার। তাদের পর ভিভিএস লক্ষনও মাত্র ১৫ রানে আউট হয়ে যাওয়ায় মাত্র ৮৫ রানে ৬ উইকেট হারানো ভারতের হারের ক্ষণ গণনাই শুরু হয়ে গিয়েছিল। এরপর মহেন্দ্র ধোনীর ৪৭ রান হারটাকে বিলম্বিতই করতে পেরেছে কেবল। ৪৮ রানে পাঁচ উইকেট নেওয়া মাখায়া এনটিনির এরপর ম্যাচের সেরা না হওয়ার কোনো কারণই ছিল না। ম্যাচে মোট ৮ উইকেট পেয়েছেন তিনি।
