২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় আর দুর্জয়ের দুর্গম পথে সঙ্গী হওয়ার আহ্বান

শনিবার সাতসকালে দেশে ফিরেছেন। অথচ দুপুরেই ক্লাব আঙ্গিনায় পা রাখার ইচ্ছের কাছে ভ্রমণক্লান্তি উধাও রকিবের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2006, 08:12 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

কানাডাপ্রবাসী এই সাবেক জাতীয় ফুটবলারকে আবাহনী ক্লাবের গেট দিয়ে ঢুকতে দেখেই একরকম ছুটে গেলেন এমন দুজন, যারা নিজেদের বর্তমানকে একসময় দেখতে পেয়েছিলেন রকিবের মাঝেই। আরিফ খান জয় যেমন বলেই ফেললেন,“আমরা তো একসময় ভাবতাম রকিব ভাইকেই এখনকার আমাদের জায়গায় দেখব। সেই কবে উনি রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া সম্পাদক ছিলেন।” পাশে দাঁড়ানো নাঈমুর রহমান দুর্জয়ও সায় দিলেন। ভাগ্যান্বেষনে এসব ছেড়েছুঁড়ে রকিব এখন মন্ট্রিলের বাসিন্দা। দেশে ফেরার আগেই ইন্টারনেটে পড়া হয়ে গেছে জয় (নেত্রকোনা-২, সদর আসন) এবং দুর্জয় ( মানিকগঞ্জ-১, ঘিওর ও দৌলতপুর থানা) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

তা-ও আবার মহাজোটের মনোনয়ন বলে কথা! জোটের শরিকদের ছাড় দিতে গিয়ে আওয়ামী লীগের অনেক পরীক্ষিত নেতাকেও মনোনয়ন দৌড় থেকে ছিটকে যেতে হয়েছে। এখানেই দলীয় সভানেত্রী শেখ হাসিনার ক্রীড়াপ্রেম দেখছেন সাবেক ফুটবলার ও আবাহনী ফুটবল দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু,“ জননেত্রী শেখ হাসিনা খেলাকে কতটা ভালোবাসেন, এই দুজনকে মনোনয়ন দেওয়াই তার প্রমাণ।” তাই তাদের ‘জননেত্রী’র কাছে কৃতজ্ঞতায় বাঁধা পড়ার বিষয়টা নিল এমন ভাষারুপ-

জয় : আমাদের দুজনকে জননেত্রী শেখ হাসিনা যেভাবে মূল্যায়ন করেছেন, যে মর্যাদাপূর্ণ আসনে বসিয়েছেন, তা অনেক বড় পাওয়া।

দুর্জয় : এই অবস্থানে এত তাড়াতাড়ি চলে আসব আশাই করিনি। জননেত্রীর যে আমাদের নিয়ে এত পরিকল্পনা ছিল, বুঝিনি।

কথাগুলো তারা বলছিলেন আবাহনী ক্লাবে ক্রীড়া সাংবাদিকদের ডেকে করা সংবাদ সম্মেলনে। কিন্তু তারা তো এখন শুধুই আর খেলার মাঠের লোক নন। তবু শুধু ক্রীড়া সাংবাদিকদের ডাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক দুর্জয় বললেন,“খেলোয়াড় হিসেবে আমাদের দুজনের এতদূর উঠে আসার পেছনে ক্রীড়া সাংবাদিকদেরও অনেক অবদান আছে। সে জন্যই আপনাদের সঙ্গে সবার আগে বসতে চাওয়া। খুব মনে আছে, আমি যখন বিকেএসপিতে, তখনো অনেকে আমার ছবি তুলতে যেতেন। আমাকে নিয়ে লিখতেন।”

ক্রীড়া ফটোসাংবাদিক শামসুল হক টেংকুর অভিজ্ঞতাতেও আছে দুর্জয়ের কথার সমর্থন,“একসময় বিকেএসপির ছেলেরাই উদিতি নামের একটা দলের হয়ে খেলত। ১৯৮৮ সালের কথা হবে সেটা। তখনো আমি দুর্জয়ের ছবি তুলতাম। যদিও কেউ তখন তাকে চিনত না।” সংবাদ সম্মেলন শেষে আবাহনী ক্লাব আঙ্গিনায় এবার ‘রাজনীতিক’ দুর্জয়ের পোর্ট্রেট তুলে বেড়াচ্ছিলেন টেংকু।

আবাহনী ক্লাবেই সংবাদ সম্মেলন করা নিয়েও প্রশ্ন উঠল। কিন্তু তাদের ‘ঘরের ছেলে’র মতোই সে প্রশ্ন সামলালেন দুর্জয়,“আবাহনী একটা অরাজনৈতিক ক্লাব। আর এই ক্লাবটা আমার ঘরের মতোই। ধরে নিন, সংবাদ সম্মেলনটা আমি আমার বাসাতেই করছি। আমি মোহামেডানেও তো খেলেছি। কিন্তু সন্ধ্যায় আড্ডা দিতে ঠিকই আবাহনীতে চলে আসতাম।”

তাদের দুপাশে বসা প্রিয় ‘ওমর ভাই’ এবং ‘হাকিম ভাই’-এর আশীর্বাদ নিয়েই সংবাদ সম্মেলন শুরু করেন জয়-দুর্জয়। প্রথমজন আবাহনীর প্রতিষ্ঠাতা সদস্য এবং ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালের বন্ধু। মিডিয়ার দৃষ্টি এড়িয়ে চলা এই ভদ্রলোক তাদের অনুরোধেই সংবাদ মাধ্যমের সামনে বসতে রাজী হয়েছেন বলে জানালেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক। অন্যজন আবাহনী সমর্থকগোষ্ঠীর উপদেষ্টা আব্দুল হাকিম তাদের হয়ে আবেদনই করে ফেললেন একটা,“ভারতীয় ফিল্মের হিরো গোবিন্দ নির্বাচনে দাঁড়ানোর পর অনেকেই বলেছিলেন, রাজনীতিতে জিরো হয়ে যাবে সে। কিন্তু গোবিন্দ জিতে প্রমাণ করেছিল সেখানেও সে হিরো। জয়-দুর্জয়রা আমাদের খেলার মাঠের হিরো। আবেদন থাকবে, রাজনীতিতেও ওদেরকে হিরো বানানোর চেষ্টা করুন। আপনারা দলের দিকে তাকাবেন না। ওরা যেন জিতে আসতে পারে।”

খেলার মাঠে অনেক জয়ের অভিজ্ঞতায় সমৃদ্ধ লোকদের মুখে খেলা না এসে পারেই না। এখানেও এলো। আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো না হলেও আর খেলবেন না বলেও ঘোষণা দিয়ে ফেললেন। তবে ঘরোয়া ক্রিকেটে খেলার ইচ্ছে আছে দুর্জয়ের। জয় অবশ্য আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন এই কিছুদিন আগেই। তবে আসন্ন পেশাদার ফুটবল লীগের জন্য তাকে আবাহনীর অধিনায়ক করা হয়েছে। তিনি খেলবেন ঘরোয়া ফুটবলে। নির্বাচিত হলে সংসদে ফুটবলও নিয়ে যাবেন। কিন্তু দেশের ক্রীড়াঙ্গনের জন্য কিছু করবেন না? উত্তর এলো ‘অবশ্যই’। কী কী করবেন, তার বয়ানটা এরকম-

দুর্জয় : ক্রিকেট খেলার সুযোগ-সুবিধা নিয়ে কাজ করব। মাঠ প্রাধান্য পাবে। ক্রিকেটারদের অর্থনৈতিক সুবিধা, ইনজুরি ঠেকানো-এসব নিয়েও কাজ করব। কর্পোরেট লীগ শুরু হয়েছিল ক্রিকেটারদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু বাস্তবায়ন হয়নি। এটাও থাকবে। ঢাকায় এখন কাকের চেয়ে ক্রিকেট কোচ বেশি। অথচ এমন অনেকেই আছেন যারা ক্রিকেট খেলেনইনি। বিসিবিতে নান্নু ভাই (মিনহাজুল আবেদীন) কোচ হিসেবে যার অধীনে কাজ করছেন, তিনি ক্রিকেটটা সেভাবে কখনোই খেলেননি। এগুলোও বন্ধ করতে হবে। তাছাড়া আমাদের ক্রিকেটাররা সমস্যা হবে বলে নিজেদের দাবি-দাওয়া নিয়ে সোচ্চার হতে পারে না। সেগুলো নিশ্চিত করার লক্ষ্যও থাকবে। তাছাড়া আমি যখন জাতীয় দলে খেলতাম, তখনকার চেয়ে ক্রিকেটারদের বেতন এখন কম। বোনাসমানির কথা বলে তাদেরকে এখানে ফাঁকি দেওয়া হচ্ছে।

জয় : জার্মানিতে বিশ্বকাপ ফুটবল চালিয়েছেন বেকেনবাওয়ার। আর আমাদের এখানে ফুটবলের কোনো ইভেন্ট হলে রুপুরা কিন্তু দায়িত্ব পান না। আমি নির্বাচিত হলে এবং দল ক্ষমতায় গেলে ফুটবল ফেডারেশনে শতকরা ৭৫ ভাগ লোক যাতে ফুটবলার হয়, সেই চেষ্টা করব। দলীয় লোক না হলেও দক্ষ সংগঠকদের কাজের সুযোগ দেওয়ার প্রস্তাব থাকবে আমার।

দুর্জয় মনে করেন, বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেটের ফেরা উচিত। সেখানে ফুটবল-ক্রিকেটের ভাগাভাগিতেও দোষের কিছু দেখেন না তিনি। এসবই খেলার কথা। খেলার বাইরে তারা এখন যে রাজনৈতিক দলের প্রার্থী, সেটা বঙ্গবন্ধুর আদর্শের দল। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। এ কথাগুলো বলতে বলতেই একটা বিব্রতকর প্রশ্নের মুখোমুখি হতে হলো জয়-দুর্জয়কে। খেলাফত মজলিশের সঙ্গে আওয়ামী লীগের পাঁচ দফা চুক্তি নিয়ে বিতর্কের আঁচ এই সংবাদ সম্মেলনেও লাগলো। মহাজোটের প্রার্থী খেলাফত মজলিশের মাওলানা হাবিবুর রহমান বলেই দিয়েছেন, বঙ্গবন্ধু ও জাতীয় সংগীতে তার বিশ্বাস নেই। অথচ ‘লাল সূর্য্যখচিত সবুজ পতাকা’ উদ্ধারে নামার যে সংগ্রামের কথা বলছেন জয়-দুর্জয়রা। প্রশ্ন ছিল, নির্বাচনী প্রচারাভিযানে যুদ্ধবিরোধীরা তাদের সহযাত্রী হয়ে গেলে মানতে পারবেন ? সুবিন্যস্ত কথা বলতে থাকা জয় যেন খানিকটা খেই হারিয়ে ফেললেন। তবে দুর্জয় বিষয়টা এড়ানোর চেষ্টা করলেন এভাবে,“আমরা এখনো দলের নীতিনির্ধারনী বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার মতো জায়গায় যাইনি।” অবশ্য সংবাদ সম্মেলন শেষে আবাহনী ক্লাব প্রাঙ্গনেই দু‘একজনকে বলতে শোনা গেল, “জলিলই এ প্রশ্নের

সন্তোষজনক জবাব দিতে পারছেন না, ওরা পারবে কিভাবে?”

জয়-দুর্জয় দুজনই জানেন, এখন যে জায়গায় আছেন সেখান থেকে সামনে এগুতে হলে পাড়ি দিতে হবে দুর্গম পথ। তাই জয়-এর আবেদনটা এরকম,“ এটুকুই মিনতি থাকবে, আমাদের জন্য আগামী দিনের দুর্গম পথকে সুগম করে দেবেন।”

তাদের দুর্গম পথে সঙ্গী হওয়ার আহবানই বলা যেতে পারে এটাকে।