টেস্ট দলে নেই শোয়েব আখতার
দক্ষিন আফ্রিকা সফরের জন্য ১৭ জনের দল ঘোষনা করেছে পাকিস্তান । সে দলে নেই শোয়েব আখতার। ক‘দিন আগে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা শাব্বির আহমদকেও রাখা হয়নি দলে।
নির্বাচক এহতেশাম উদ্দীনের মতে শোয়েব আর শাব্বিরকে ৩ টেস্টের সিরিজ খেলতে না দেওয়ার কারণ ফিটনেস সমস্যা, “৫ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আমরা ওদের বিবেচনায় নেবো। আপাতত আমরা ওদের বলেছি, ঘরোয়া ক্রিকেটে আরো কিছু ম্যাচ খেলে ছন্দ আর ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করতে।”
ড্রাগ নেওয়ার অভিযোগ থেকে পিসিবির আপীল কমিশন মুক্তি দেওয়ার পর ধারণা করা হয়েছিল পাকিস্তান দলে ফিরতে পারবেন শোয়েব আখতার। কিন্তু একই সঙ্গে নিষেধাজ্ঞা থেকে মুক্ত মোহাম্মদ আসিফকে সুযোগ দেওয়া হলেও শোয়েবের ক্ষেত্রে আরেকটু সময় নেওয়াকেই যথার্থ ভেবেছেন নির্বাচকরা।
পাকিস্তানের ১৭ জনের দল
ইমরান ফারহাত, মোহাম্মদ হাফিজ, ইয়াসির হামিদ, মোহাম্মদ ইউসুফ, ইউনুস খান, ইনজামাম-উল হক (অধিনায়ক), ফয়সল ইকবাল, আসিম কামাল, দানিশ কানেরিয়া, উমর গুল, মোহাম্মদ সামি, মোহাম্মদ আসিফ, শহীদ নাজির, রানা নাভেদ, শোয়েব মালিক, কামরান আকমল, জুলকারনাইন হায়দার।
