এ জয় টিম স্পিরিটের ফল: হাবিবুল
ক' দিন আগেও টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেটটা ‘দুর্বোধ্য’ লাগছিল হাবিবুল বাশারের কাছে। অথচ তার দলের হাতেই কিনা উঠলো প্রিমিয়ার ক্রিকেটে প্রথমবারের মতো হওয়া এধরনের ক্রিকেটের শিরোপা। এর রসায়নটা তার চোখে এমন,“আমরা কষ্ট করেছি। তার ফল এটা।”
সঙ্গে টিম স্পিরিটের কথাও যোগ করতে ভুলছেন না। উদাহরণ হিসেবে এলো পেসার তাপস বৈশ্যের নাম,“তাপসের যেমন আজ (শুক্রবার) ১০৩ ডিগ্রি জ্বর ছিল। তারপরও কিন্তু ম্যাচটা ও ঠিকই খেলেছে দলের কথা চিন্তা করে।”
চিন্তাশীল মন তাকে একটা সূত্রও ফাইনালের আগে আবিষ্কার করে দিয়েছে। সেটা অবশ্যই সাফল্যের। তাহলে এতদিন টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেটটা ‘দুর্বোধ্য’ লাগছিল যে! একটু আগেই ট্রফিতে হাত ছুঁইয়ে আসা হাবিবুল প্রসঙ্গটা তুলতেই হাসতে হাসতে বলছিলেন,“এখন কিছুটা বুঝতে পারছি।” সেই ‘বুঝ’ তাকে শিখিয়েছে,“এধরনের ক্রিকেটে বড় স্কোর দাঁড় করাতে হলে প্রথম ৬ ওভারকে কাজে লাগাতে হবে। প্রথমে ধীর গতিতে রান তুললে পরে অনেক চেষ্টা করেও বড় সংগ্রহ দাঁড় করানো সম্ভব হয় না।”
ফিল্ডিং রেস্ট্রিকশনের ৬ ওভার কাজে লাগানোর জন্য মোহামেডান অধিনায়কের সেরা অস্ত্র তো মজুদ ছিলই। তবে ইমতিয়াজ হোসেন ও জুনায়েদ সিদ্দিকী মিলে দলকে দিয়েছেন আরো বেশি। তাদের ১৩৪ রানের উদ্বোধনী জুটিই ম্যাচ থেকে একরকম ছিটকে ফেলেছিল ওল্ড ডিওএইচএসকে। যদিও আগের কয়েকটা ম্যাচে রান তাড়া করে পাওয়া সাফল্যের ভিত্তিতে টসে জিতে আগে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠিয়েছিলেন অধিনায়ক আকরাম খান। তবে ম্যাচ শেষে তিনি স্বীকার করে নিয়েছেন, “ভেবেছিলাম মোহামেডানকে ১৫০ রানের মধ্যে বেঁধে রাখতে পারব। কিন্তু আমরা সেটা পারিনি।”
