বাফুফে: যাদের ফুটবল-উন্নয়ন পরিকল্পনায় কোচ সবার পরে
যে পথে ফুটবলের মোক্ষ লাভ হয় বাংলাদেশ চলে তার উল্টো পথে। ফুটবল উন্নয়নের জরুরী শর্তটি পুরোবিশ্বে স্বীকৃত হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার স্বীকৃতি দেয়নি। তাই বাফুফের কাছে ফুটবল কোচ বরাবরই উপেক্ষিত এবং অ-গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাফুফের এখনকার কমিটি এমন একটি ধারনাকে ভিত্তি দিয়েছে গত সাড়ে ৩ বছরে বাফুফে ফান্ড থেকে কোচ রাখার খাতে কোনো অর্থ ব্যয় না করে।
বিস্মিত হওয়ার মতোই ব্যাপার-কোচের পেছনে কোনো টাকা খরচ ছাড়াই বাফুফে এতদিন ফুটবল উন্নয়নের স্বপ্ন দেখেছে ! বাফুফে তাতে একটু সংশোধনী দিতে পারে, বলতে পারে “ক্রুসিয়ানির মাস দেড়েকের বেতন দিয়েছি আমরা।” তা-ও দিতে হয়েছে গ্যাড়াকলে পড়ে। বাফুফে সভাপতি এস এ সুলতানের অনৈতিক কর্মকান্ডের তীব্র সমালোচনা করে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী সালাউদ্দিন বাফুফে থেকে পদত্যাগ করায় ক্রুসিয়ানির দেড় মাসের বেতন দিতে হয়েছিল বাফুফেকে। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব নিয়েই একজন ভালো বিদেশী কোচ আনার উদ্যোগ নেয়। তবে বাফুফে কর্তারা জানিয়ে দিয়েছিলেন, কোচের টাকা বাফুফে দিতে পারবে না। কারণ, জাতীয় দলের কোচের জন্য ফিফা-এএফসির কোনো বরাদ্দ নেই। তারপরও দেশের ফুটবলের কথা ভেবে ব্যবস্থাপনা কমিটি ২০০৫ সালে আর্জেন্টাইন কোচ ডিয়েগো ক্রুসিয়ানি ও ট্রেনার অ্যারিয়েল কোলম্যানকে নিয়ে এসেছিল। প্রতি মাসে দুজনের বেতনের পুরো ৭ হাজার ডলার দিতেন ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী সালাউদ্দিন, সদস্য মনির আহমেদ ও সালাম মুর্শেদী মিলে।
এ বছরের মাঝামাঝিতে বাফুফে সভাপতির অনাকাঙ্খিত হস্তক্ষেপে ব্যবস্থাপনা কমিটি বিলুপ্ত হওয়ার পর মাস দেড়েকের মতো বেতন দিতে হয়েছিল ফেডারেশনেকেই। তারপর বেতনের টাকা কেটে রেখে চূড়ান্ত অপমান করে ক্রুসিয়ানিকে বিদায় দিয়েছিল ফেডারেশন।
এই আর্জেন্টাইন ফিরে যাওয়ার পর স্বদেশী হাসানুজ্জামান বাবলুকে দিয়েই কাজ চালায় বাফুফে। প্রশ্ন হতে পারে, দেশী কোচ হলেও বাবলুকে কি টাকা দিতে হয় না ? দিতে হয়, কিন্তু সেই টাকা দেয় এএফসি। ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্ট খাতে তারা ৪ হাজার ডলার করে দেয়। এই টাকায় দেশের ১৪ জন কোচ কাজ করছেন বয়সভিত্তিক দলগুলোর সঙ্গে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এ রকম, এএফসি টাকা দিচ্ছে বলেই বয়সভিত্তিক দলগুলোর প্রশিক্ষণ ও তৃণমূল পর্যায়ে একটু-আধটু কাজ চলছে।
এএফসির ওই বরাদ্দ না থাকলে এসব কাজ যে চলতো না তা বলেই দেওয়া যায়। কারণ, জাতীয় দলের কোচের প্রশ্নেই বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালের জবাব,“হাজার হাজার ডলার বেতন দিয়ে কোচ রাখার মতো টাকা নেই।” অথচ ফুটবলের জন্যই ফেডারেশন, ফুটবল না থাকলে ফেডারেশনের কী মূল্য আছে!
ফুটবলের মানোন্নয়নে অপরিহার্য একটা শর্ত হচ্ছে ভাল কোচ নিয়োগ। অথচ অবাক হওয়ার মতো ব্যাপার হচ্ছে, অন্য অনেক খাতে টাকা খরচ হলেও কোচ রাখার টাকা নেই বাফুফের। এটা কী বাফুফে-কর্তাদের জন্য খুব লজ্জার কথা নয় ?
যেখানে হকি ফেডারেশনের মতো তুলনায় ছোট সংগঠন জাতীয় কোচের জন্য স্পন্সর যোগাড় করতে পারে, সেখানে ফুটবলের কর্তারা ব্যর্থ। পারেননি স্পন্সর আনতে, পারেননি সরকারের কাছে গিয়েও নির্দিষ্ট পরিকল্পনার কথা বলে ফুটবলের জন্য অর্থ বরাদ্দ করতে। অথচ বাফুফে সভাপতি এস এ সুলতান ছিলেন গত সরকারের সংসদ সদস্য এবং কমিটির অন্যরাও ছিলেন সরকারের অনুসারী! ফুটবলের উন্নতির কথা ভেবেই সরকার দলীয় লোকজনকে বাফুফেতে বসানোর ব্যাপারটা অলিখিত নিয়মে দাঁড়িয়েছে। কিন্তু সেই নিয়মকে অকার্যকর প্রমাণ করেছে এই কমিটি।
ক্রুসিয়ানি ফিরে যাওয়ার পর বাফুফে সম্পাদক নতুন একজন টেকনিক্যাল ডিরেক্টর আনার সুর তুলেছিলেন। সেই সুর এখন অনেকটা ম্রীয়মান। বুধবার বাফুফের উপ-সম্পাদক মঞ্জুরুল ইসলাম মালুর সঙ্গে কথা বলে বোঝা গেল, এটা আর এই কমিটির অধীনে হচ্ছে না। তারা এখন আগামী এপ্রিলে বাফুফের নির্বাচনী নীল-নকশা নিয়েই ব্যস্ত। সুতরাং ফুটবল গৌণ বিষয়, তার চেয়েও গৌণ বিদেশী কোচ কিংবা টেকনিক্যাল ডিরেক্টর আনার বিষয়াদি।
