২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুয়েন্টি-টুয়েন্টির প্রথম চ্যাম্পিয়ন মোহামেডান

“আমি মনে করি জয়টা মোহামেডানের প্রাপ্য ছিল”-পুরস্কার প্রদান অনুষ্ঠানে ওল্ড ডিওএইচএস অধিনায়ক আকরাম খানের সহজ এবং সরল এই স্বীকারোক্তি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দর্শকরাও শুনলেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2006, 08:30 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

এমনকি টেলিভিশনেও যারা কাই-অ্যালটেক টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেটের ফাইনালটা দেখেননি, তাদেরও আকরামের কথা থেকে ধারণাটা পেয়ে যাওয়া উচিত। ম্যাচটাতে একাধিপত্য ছিল হাবিবুল বাশারের দল মোহামেডানেরই। এই টুর্নামেন্টে ২২৬ রান করেও একদিন হারের চিন্তায় কাতর হয়ে থাকতে হয়েছিল তাদের। সেখানে টসে হেরে ফাইনালে আগে ব্যাট করে ১৮৪ রান তুলেও নিশ্চয়ই নিশ্চিন্ত ছিলেন না হাবিবুল। কিন্তু নির্ধারিত ২০ ওভারে ডিওএইচএস ১৬০ রান তুলতে পারায় শেষপর্যন্ত মোহামেডানের জয়টা সহজই, ২৪ রানের।

আগের দিন ‘ইতিহাস, ইতিহাস’ করছিলেন তাদের অধিনায়ক। শুক্রবার ‘প্রাপ্য’ জয় দিয়ে প্রিমিয়ার ক্রিকেটের প্রথম টুয়েন্টি-টুয়েন্টির ইতিহাসের প্রথম পাতায় নিজেদের নাম লিখিয়েই ফেলল মোহামেডান।

ইমতিয়াজ হোসেন এবং জুনায়েদ ইমরোজ সিদ্দিকী-এই টুর্নামেন্টে মোহামেডানের সবচেয়ে ‘অমূল্য’ বলে চিহ্নিত দুই ওপেনার। প্রায় প্রত্যেক ম্যাচেই এদের কেউ না কেউ ‘রানের ঘোড়া’ ছুটিয়েছেন। ফাইনালে দুজন একসঙ্গেই ছোটালেন। পেসার নাজমুল হোসেনের করা চতুর্থ ওভারেই জুনায়েদ চারটি বাউন্ডারিসহ তুলে নেন ১৮ রান। রানধারা থামাতে পঞ্চম ওভারে আকরাম শরন নিলেন খালেদ মাহমুদের। সেমিফাইনালে একই সময়ে আক্রমণে এসে সাফল্য পেলেও, এদিন বেশ মার খেয়েছেন এই অলরাউন্ডার। প্রথমে স্কয়ার লেগ দিয়ে তার বলে ম্যাচের প্রথম ছক্কা হাঁকান ইমতিয়াজ। মাহমুদের পরের ওভারে লং অন দিয়ে মারলেন জুনায়েদ। ঢাকার ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ ছক্কার রেকর্ড জুনায়েদের হলেও ফাইনালে এক্ষেত্রে তার চেয়ে এগিয়ে থাকলেন ইমতিয়াজ। রানেও। ৮ বাউন্ডারি ও চার ছক্কায় তার মাত্র ৫০ বলে ৮২ রানের ইনিংসটা সেঞ্চুরিও হয়ে যেতে পারত রান আউটের খাড়ায় কাটা না পড়লে।

এদেশের টুয়েন্টি-টুয়েন্টি ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান জুনায়েদ আব্দুর রাজ্জাককে রিটার্ন ক্যাচ দিয়ে ফেরার আগে ৬১ রান করেছেন মাত্র ৩৪ বলে। ততক্ষনে ওপেনিংয়ে ১৩৪ রান পেয়ে গেছে মোহামেডান। সেখান থেকে দুইশ’ চোখে না দেখার কোনো কারণ ছিল না। আফতাব চড়াও হতে চাইলেন। ২০ বলে ২৫ রান করে অপরাজিতও থাকলেন। কিন্তু বিগ শট নিতে গিয়ে ব্যাটের সঙ্গে বলের সংযোগ আগের ম্যাচগুলোর তুলনায় ঠিকমতো হলো কম। অধিনায়ক হাবিবুল বাশার আউট হয়ে গেলেন প্রথম বলেই । তাই শেষ ৪ ওভারে মাত্র ২০ রান তুলতে পারল মোহামেডান।

শেষ দিকে কম রান তোলাটা শেষপর্যন্ত কাল হয়ে দাঁড়াতে পারে বলে মনে হচ্ছিল। বিশেষ করে তামিম ইকবাল (৪৬) ও মেহরাব হোসেন জুনিয়র (৩৩) ৮৫ রানের ওপেনিং জুটি গড়ে ফেলার পর। ডিওএইচএসের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানই বাঁ-হাতি স্পিনার আরাফাত সানির (৩/৩২) শিকার। মেহরাবকে বোল্ড করেছেন। তবে অন্য উইকেট দুটোর দাবিদার আছেন! তামিমকে ফিরিয়েছে মিডউইকেটে ফয়সাল হোসেনের দুর্দান্ত ক্যাচ। প্রতিপক্ষের আরেক বিধ্বংসী ব্যাটসম্যান নাদিফ চৌধুরীকে (২৩) ফেরানোর স্বস্তি এসেছে কাভারে মোহামেডান অধিনায়কের নেওয়া আরেকটা দেখার মতো ক্যাচে। এ ম্যাচে বোলার হিসেবেও সাফল্য পেয়েছেন আফতাব আহমেদ (২/১১)। প্রথমে ঘুরতে থাকা ডিওএইচএসের রানের চাকা তাই একপর্যায়ে শ্লথ। এবং শিরোপাও দৃষ্টিসীমার বাইরে।

তাই শিরোপা ছাড়াও ‘প্রাপ্য’ আর সবই মোহামেডানের। ইমতিয়াজ ম্যাচের সেরা। আর জুনায়েদ টুর্নামেন্টেরই সেরা। দলের সঙ্গে তাদের ব্যক্তিগত প্রাপ্তির খাতাটাও তাই ভরপুর!

সংক্ষিপ্ত স্কোর

মোহমেডান : ২০ ওভারে ১৮৪/৫ ( ইমতিয়াজ ৮২, জুনায়েদ ৬১, আফতাব ২৫*, তাপস ৪, ফয়সাল ৩, হাবিবুল ০, রাজ্জাক ৩/২৭)

ডিওএইচএস : ২০ ওভারে ১৬০/৬ ( তামিম ৪৬, মেহরাব ৩৩, নাদিফ ২৩, রাজ্জাক ১৮, আকরাম ৬, মাহমুদ ১৫, আরাফাত ৩/৩২, আফতাব ২/১১)

ফল : মোহামেডান ২৪ রানে জয়ী

ম্যান অফ দি ম্যাচ : ইমতিয়াজ হোসেন ( মোহামেডান)

ম্যান অফ দি টুর্নামেন্ট : জুনায়েদ সিদ্দিকী ( মোহামেডান)