২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করছেন মার্টিনা হিঙ্গিস

এক মাস ধরে আংটি পড়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। এতদিন কেউ দেখতেই পায়নি। যেইনা অস্ট্রেলিয়ায় এলেন, অমনি নজরে পড়ে গেল হাতের দিকে। ধরা পড়ে শুক্রবার হাসি মুখেই ঘটনা স্বীকার করেছেন মার্টিনা হিঙ্গিস, জানিয়েছেন শিগগিরই বিয়ে করছেন চেক প্রজাতন্ত্রের টেনিস খেলোয়াড় রাদেক স্তেপানেককে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2006, 06:43 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

সংবাদ সম্মেলনে মেয়েদের টেনিসের সাবেক বিশ্বসেরা হিঙ্গিস জানিয়েছেন স্তেপানেক তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন গত মাসে। তখন থেকেই হাতে শোভা পাচ্ছে হিরের আংটিটি। বিষয়টি অস্ট্রেলিয়ায় এসে ধরা পড়ায় ঠাট্টাচ্ছলে ২৬ বছর বয়সী হিঙ্গিস হিঙ্গিস বলেছেন, “ এখানে এটা (আংটি) সবার চোখে পড়ায় কিছুটা অবাকই হয়েছি আমি। একমাস সুইজারল্যান্ডে ঘুরে বেড়ালাম, কেউ দেখলো না, অথচ এখানে আসতে না আসতেই জানাজানি হয়ে গেল-! এখানকার মানুষের মনে হয় এসব বিষয়ে মনযোগ একটু বেশি।”

টেনিস বিশ্বের এক গ্ল্যামারকুইনের বিয়ে-রোমান্স ইত্যাদি বিষয়ে টেনিসপ্রেমী মানুষদের আগ্রহ বা কৌতুহল থাকা স্বাভাবিক। ইনজুরির জন্য তিন বছর টেনিসের বাইরে থাকা হিঙ্গিস তাদের কৌতুহল নিবৃত্ত করতে আপত্তি করেননি। সুইজারল্যান্ডের এই টেনিস সেনসেশন জানিয়েছেন পুরুষদের টেনিসের ১৯ নম্বর খেলোয়াড় স্তেপানেককে খুব তাড়াতাড়িই বিয়ে করবেন তিনি। হিঙ্গিস আর স্তেপানেক অবশ্য এ মুহুর্তে অস্ট্রেলিয়ায় এসেছেন অস্ট্রেলিয়ান ওপেন খেলতে।