ভালোই এগোচ্ছে দক্ষিন আফ্রিকা
টেস্ট সিরিজে এই প্রথম নামের প্রতি সুবিচার করছেন গ্রায়েম স্মিথ (২৮*)। তার আর এবি ডি ভিলিয়ার্সের (৩১*) অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটি বেশ এগিয়ে দিয়েছে দক্ষিন আফ্রিকাকে।
আলোর অভাবে আগে-ভাগে তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় তাদের স্কোর ছিল বিনা উইকেটে ৬৪। এর আগে ভারত ২৪০ রানে প্রথম ইনিংস শেষ করায় এরই মাঝে ১৫২ রানের লিড পেয়ে গেছে দক্ষিন আফ্রিকা।
সকালে আগের দিনের ৪৬ রানকে আরো তিনটি চমৎকার চারের মারের সহায়তায় ৬৩ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন টেন্ডুলকার। কিন্তু তারপরই এনটিনির একটা বল থার্ডম্যানের দিকে খেলতে গিয়ে কটবিহাইন্ড হয়ে যান। সঙ্গে সঙ্গে বিপর্যয় নেমে আসে ভারতের ইনিংসে। গাঙ্গুলী (০) হাস্যকরভাবে ক্যাচ দিয়ে ফিরে যান এনটিনির বলেই। বাউন্সার ভেবে ‘ডাক’ করতে গিয়েছিলেন, কিন্তু বল ততটা ওপরে না উঠে ব্যাট ছুঁয়ে চলে যায় হার্শেল গিবসের হাতে। তারপর আগ্রাসী ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন ধোনী। কিন্তু মরকেল টেস্ট ক্রিকেটে প্রথম উইকেট হিসেবে তাকে শিকার করলে ভেঙ্গে পড়ে সব প্রতিরোধ। ধোনীর (৩৪) পর কুম্বলে (০) আর জহীর খানকেও (২) ফিরিয়ে দেন মরকেল। ৮ উইকেটে ১৮৩। সেখান থেকেও যে ২৪০ পর্যন্ত যাওয়া সম্ভব হয়েছে তার জন্য যতটা কৃতিত্ব ভিভিএস লক্ষনের অপরাজিত ফিফটির, ঠিক ততটাই শ্রীশান্তের ২৫ রানের ইনিংসটিরও। লক্ষনের সঙ্গে নবম উইকেটে ৫২ রানের জুটি না গড়লে অনেক আগেই শেষ হয়ে যেত ভারতের প্রথম ইনিংস।
