২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগে আবাহনীকে কিছু বলতে পারছেন না ক্রুসিয়ানি

আবাহনীর সঙ্গে ক্রুসিয়ানির সম্পর্ক এখনো পাকা হয়নি, আশা-নিরাশার দোলাচলের মধ্যেই আছে। বৃহস্পতিবার আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু জানিয়েছেন, “ ক্রুসিয়ানি এক সপ্তাহ সময় চেয়েছেন সিদ্ধান্ত জানানোর জন্য।”

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

তার মানে, ঈদের আগে আর জানা যাচ্ছে না ডিয়েগো ক্রুসিয়ানি আবাহনীর কোচ হচ্ছেন কিনা বা ক্রুসিয়ানি না হলে কে নিচ্ছেন এ দায়িত্ব।

২০০৫ সালে ক্রুসিয়ানি বাংলাদেশে এসেছিলেন জাতীয় দলের কোচ হয়ে। তারপর গত আগস্টে এই আর্জেন্টাইনকে ফিরে যেতে হয় অনেক তিক্ত অভিজ্ঞতা নিয়ে; জরিমানার অজুহাতে ফেডারেশন কেটে রেখেছিল তার বেতন। সেই তাকে আবার বাংলাদেশে আনার উদ্যোগ নিয়েছে আবাহনী। প্রায় দুমাস ধরে এ নিয়ে তার সঙ্গে আলাপ-আলোচনা চললেও এখনো কিছু চূড়ান্ত হয়নি।

জানা গেছে, আবাহনী মাসিক টাকার অংক ও অন্যান্য সুযোগ-সুবিধার কথাও জানিয়ে দিয়েছে ক্রুসিয়ানিকে। কিন্তু অন্য জায়গা থেকেও একটা অফার আছে বলে বাংলাদেশে আসার প্রস্তাবটা ক্রুসিয়ানি শেষপর্যন্ত গ্রহণ করবেন কিনা তা এখনই বলা যাচ্ছে না। কারণ, এখানে তার অভিজ্ঞতা মোটেই সুখকর কিছু নয়। এদিকে বিদেশী কোচ ঠিক না করে আবাহনী বিদেশী খেলোয়াড় আনারও উদ্যোগ নিতে পারছে না বলে জানিয়েছেন রূপু, “আমরা চাচ্ছি বিদেশী কোচ আসার পর তার পরামর্শ মতোই বাইরে থেকে খেলোয়াড় আনতে। ক্রুসিয়ানি না এলে আমাদের অন্য কারো ব্যাপারে ভাবতে হবে।”