টুয়েন্টি-টুয়েন্টির ফাইনাল সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই
খবরটা দিয়েই বিসিবির মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান সৈয়দ ফরহাদ আহমেদ সাফল্যের আনন্দে অবগাহন করতে শুরু করলেন, “এটা দারুণ একটা খবর আমাদের ক্রিকেটের জন্য। সেই সঙ্গে বড় একটা অর্জনও।”
খবরটা হচ্ছে, শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় কাই-অ্যালটেক টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেটের মোহামেডান-ওল্ড ডিওএইচএস ফাইনাল সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
২০ ওভারের ক্রিকেট দিয়ে প্রিমিয়ার ক্রিকেট শুরু হওয়ার আগেই বিটিভিতে খেলা সম্প্রচারের কথা বলা হয়েছিল। রাষ্ট্রীয় টেলিভিশন সংস্থাটি শেষমুহুর্তে তাদের অপারগতার কথা জানিয়ে দেওয়ায় তড়িঘড়ি চ্যানেল আইতে সম্প্রচারের বন্দোবস্ত করাকে সাফল্যই বলতে হবে। কিন্তু অর্জন কিসের জন্য? ফরহাদ জানাচ্ছেন, “এই প্রথম প্রিমিয়ারের ম্যাচ কোনো টেলিভিশন চ্যানেলে সরাসরি দেখানো হচ্ছে। এর আগে কখনো প্রিমিয়ারের কোনো ম্যাচ টিভি দর্শকও পেয়েছে বলে আমার জানা নেই।”
দুপুর সোয়া একটায় ম্যাচটা শুরু হবে। এই ম্যাচ সম্প্রচার করতে গিয়ে অর্থও খরচ হচ্ছে বিসিবির। তবে ফরহাদ আশাবাদী কিছু স্পনসরশিপের মাধ্যমে এটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। বৃহষ্পতিবার সন্ধ্যায় টেলিফোনে বললেন,“শেষ মুহুর্তে অনিশ্চয়তার মাঝেও যে আমরা ফাইনালটা দেখাতে পারছি, এটাই বড় কথা। এজন্য কিছু টাকা হয়তো খরচ হচ্ছে আমাদের। তবে অনেকের সঙ্গেই আলোচনা চলছে। স্পনসরশিপের মাধ্যমে আশা করছি টাকাটা তুলে আনতে পারব।”
চ্যানেল আইয়ের সঙ্গে এই সম্পর্ক স্থাপনের সুদূর প্রসারী দিকও দেখতে পাচ্ছেন ফরহাদ, “সামনেই প্রিমিয়ার ক্রিকেটের ওয়ানডে টুর্নামেন্ট। আমরা চেষ্টা করব সেটারও কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ যাতে চ্যানেল আই দেখায়।” প্রিমিয়ারের একদিনের ম্যাচের প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী ১০ জানুয়ারি থেকে। কিন্তু সম্প্রতি নিম্বাস স্পোর্টস মার্কেটিংয়ের কাছে বিসিবি ছয় বছরের জন্য বাংলাদেশ ক্রিকেটের যে মিডিয়া মার্কেটিং রাইটস বিক্রি করেছে, তাতে প্রথম বছরে ১০ দিন ঘরোয়া ক্রিকেট সম্প্রচারের বাধ্যবাধকতাও আছে।
“ তাহলে এখন সম্প্রচারের জন্য এর-ওর কাছে ধর্না দেয়া কেন?” ফরহাদ প্রশ্নের জবাবটা দিয়েছেন এভাবে, “আমরা নিম্বাসের সঙ্গেও বিষয়টা নিয়ে আলাপ করেছি। তারা জানিয়েছে, ঠিক এই মুহুর্তে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা করার ক্ষেত্রে কিছু সমস্যা আছে তাদের। তারা অবশ্যই দেখাবে। আপাতত দেশী কোনো চ্যানেলে ম্যাচ দেখানোতে তাদের কোনো আপত্তি নেই।”
