তৃতীয় দিনেই ইংল্যান্ডের ইনিংস পরাজয়!
অ্যান্ড্রু ফ্লিনটফেরা ছাদখোলা বাসে চড়ে উৎসবের আনন্দে মেতেছেন লন্ডনের রাস্তায়। অ্যাশেজ জিতে তারা যেন চাঁদ পেয়েছেন হাতে! বৃটিশ রানী ভোজসভায় আমন্ত্রন জানিয়ে সম্মানিত করলেন তাদের। অ্যাশেজ জয় করা কি চাট্টিখানি কথা!
স্মৃতিগুলো এতদিন কাঁটা হয়ে বিঁধেছে রিকি পন্টিংদের মনে। দাঁতে দাঁত চেপে অপেক্ষার প্রহর গুনেছেন-কবে আবার শুরু হবে অ্যাশেজ, আবার কবে সুযোগ আসবে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে কাঁটার জ্বালা মেটাবার। অ্যাশেজ শুরু হয়ে আবার শেষও হওয়ার পথে। তিন দিনেই শেষ হয়ে গেছে মেলবোর্ন টেস্ট। ইংল্যান্ডকে এক ইনিংস ৯৯ রানে হারিয়ে সিরিজে ৪-০-তে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে রিকি পন্টিং সরাসরিই বলেছেন,“ ওদের হোয়াইওয়াশ করা এখন খুবই সম্ভব।”
মেলবোর্নেও ইংল্যান্ড যেভাবে আত্মসমর্পণ করেছে তাতে পন্টিংয়ের এ মন্তব্যকে কেউ কেউ বিনয়ী লোকের সংযমী বক্তব্য ভাবতে পারেন। তাদের মনে প্রশ্ন জাগতেই পারে “ যারা তিন দিনে ম্যাচ হেরে ৫ টেস্টের সিরিজে পিছিয়ে আছে ০-৪-এ, তাদের হোয়াইটওয়াশ হওয়াকে অবধারিত বলতে বাঁধছে কেন পন্টিংয়ের?”
মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনটিও ছিল শেন ওয়ার্নের। আগের দিনের ৭ উইকেটে ৩৭২ রান নিয়ে দিন শুরু করে অস্ট্রেলিয়া কিন্তু খুব তাড়াতাড়িই সেঞ্চুরিয়ান সাইমন্ডসকে (১৫৬) হারিয়েছিল। হার্মিসনের এ সাফল্যের পরও যে অস্ট্রেলিয়া ৪১৯ রান পর্যন্ত গেল তার সবচেয়ে বড় কারণ ওয়ার্নের ৫৬ বলে খেলা অপরাজিত ৪০ রানের ইনিংসটিই।
পরে মাত্র ৬৬.৫ ওভারে ইংল্যান্ডকে ১৬১ রানে গুটিয়ে দেওয়াতেও ভূমিকা রেখেছেন ওয়ার্ন। ৪৬ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। ফলে প্রথম ইনিংসের ৫ উইকেটের সঙ্গে আরো দুটি যোগ হওয়ায় এ ম্যাচে ৭ উইকেট পাওয়া হয়ে গেল তার। টেস্ট ক্রিকেটের প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেট তো পাওয়া হয়ে গেছে প্রথম দিনেই, এখন ওয়ার্নের সামনে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার সুযোগ। এ মুহুর্তে আন্তর্জাতিক ক্রিকেটে ৯৯৯ টি উইকেট পাওয়া হয়ে গেছে অনেকের মতে সর্বকালের সেরা এই স্পিনারের। ২ জানুয়ারি সিডনিতে শুরু হবে অ্যাশেজের শেষ টেস্ট। ওখানে যে ওয়ার্ন আর ম্যাকগ্রা তাদের টেস্ট ক্যারিয়ারে ইতি টানবেন, এ খবর সবার জানা। মেলবোর্ন টেস্টের ম্যান অব দি ম্যাচ ওয়ার্নের সিডনিতে ১০০০তম উইকেট প্রাপ্তি এখন শুধু কোনো দুর্ঘটনাই ঠেকাতে পারে।
মেলবোর্ন টেস্টের তৃতীয় (এবং শেষ!) দিনে ওয়ার্নের পারফরম্যান্সই আলাদা গুরুত্ব পাওয়ার মতো। এর বাইরে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ব্যর্থতা বা ব্রেট লি, স্টুয়ার্ট ক্লার্কদের বোলিং নিয়েও দু ছত্র লেখা যেতে পারে। তবে ওসব বর্ণনাকে একঘেয়ে,অনাকর্ষনীয় মনে হতে পারে।
তার চেয়ে বরং মেলবোর্নের জয় অস্ট্রেলিয়াকে কী কী রেকর্ড উপহার দিয়েছে কিংবা দেওয়ার আশ্বাস দিয়েছে সেদিকেই একটু আলো ফেলা যাক। মেলবোর্নে পাওয়া এক ইনিংস ৯৯ রানের জয় ১৯৫৪ সালের পর দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বড়। মেলবোর্নে অস্ট্রেলিয়া এর চেয়ে বড় জয় পেয়েছিল সেই ১৯৩৭ সালে।
এসব রেকর্ড আরো অনুপ্রানিত করতেই পারে অস্ট্রেলিয়াকে। সেক্ষেত্রে সিডনিতে হোয়াইটওয়াশপর্ব সারতেও পন্টিংদের খুব একটা কষ্ট হওয়ার কথা নয়।ওয়ারউইক আর্মস্ট্রংয়ের অধিনায়কত্বে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে ৫-০-তে হারিয়েছিল আজ থেকে ৮৭ বছর আগে (১৯২০-২১)। সেই গৌরবকে আলিঙ্গন করার এত সহজ সুযোগ রিকি পন্টিংরা নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবেন না !
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১ম ইনিংস ১৫৯ (স্ট্রাউস ৫০, কলিংউড ২৮, পিটারসেন ২১, ওয়ার্ন ৫/৩৯, ক্লার্ক ২/২৭, লি ২/৩৬, ম্যাকগ্রা ১/৩৭)
ইংল্যান্ড ২য় ইনিংস ১৬১ (স্ট্রাউস ৩১, কুক ২০, বেল ২, পিটারসেন ১, কলিংউড ১৬, ফ্লিনটফ ২৫, রিড ২৬*, মাহমুদ ০, হার্মিসন ৪, পানেসার ১৪, হগার্ড ৫, অতিরিক্ত ১৭, লি ৪/৪৭, ম্যাকগ্রা ১/২৬, ক্লার্ক ৩/৩০, ওয়ার্ন ২/৪৬ )
অস্ট্রেলিয়া ১ম ইনিংস ৪১৯ ( সাইমন্ডস ১৫৬, হেইডেন ১৫৩,ওয়ার্ন ৪০ *, ল্যাঙ্গার ২৭, লি ০, পন্টিং ৭, হাসি ৬, মাইকেল ক্লার্ক ৫, গিলক্রিস্ট ১, ক্লার্ক ৮, ম্যাকগ্রা ০, ফ্লিনটফ ৩/৭৭, সাজিদ মাহমুদ ৪/১০০, হার্মিসন ২/৬৯, হগার্ড ১/৮২ )
ফল : অস্ট্রেলিয়া এক ইনিংস ও ৯৯ রানে জয়ী
ম্যান অব দি ম্যাচ : শেন ওয়ার্ন
