ফাইনালে মোহামেডান আর ডিওএইচএস
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্যও তার ব্যাটে ভর করতে হয়েছিল ওল্ড ডিওএইচএসকে। এবার সেমিফাইনালে প্রথমে দুর্দান্ত বোলিংয়ের পর প্রতিপক্ষের মামুলি স্কোর তাড়া করতে নেমে বিপদের গন্ধ পেতে থাকা ডিওএইচএসকে উদ্ধারেও ত্রাণকর্তা সেই খালেদ মাহমুদ।
তাই বুধবার আবাহনীকে ৫ উইকেটে হারিয়ে প্রিমিয়ার ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়নরা টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেটের ফাইনালে ওঠার পরপরই এক ইংরেজী দৈনিকের সাংবাদিক তার প্রতিবেদনের শিরোনাম তৈরী করে ফেললেন,“স্টিল ম্যানেজার ইজ এনাফ।” আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা খালেদ মাহমুদ তো এখন বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজারও।
বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশারের অভিজ্ঞতা তাকে ২০ ওভারের ক্রিকেটকে ‘জুয়া খেলা’ বলেই মনে করাচ্ছিল। তাই ২২৬ রান করেও হারের টেনশনে থেকেছেন। আবার মাত্র ১১৫ রান করেও জিতেছেন। কিন্তু কাই-অ্যালটেক টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনাল ভিন্ন অভিজ্ঞতাই দিয়েছে মোহামেডান অধিনায়ক হাবিবুলকে। ভিক্টোরিয়ার ১১৬ রান ১৬.৪ ওভারেই টপকে গিয়ে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে তারা। শুক্রবার অনুষ্ঠেয় ফাইনালে মোহামেডান পাচ্ছে ডিওএইচএসের দেখা।
কুয়াশামাখা সকালে টস-জয়টা ডিওএইচএস অধিনায়ক আকরাম খানের মুখের হাসিকে বড় করেছে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের এই উইকেট পেসারদের জন্য স্বর্গ, দেখা হতেই তা মনে করিয়ে দিলেন ডিওএইচএসের বাঁ-হাতি স্পিনার এনামুল হক জুনিয়র,“এই উইকেটেই কিছুদিন আগে জিম্বাবুয়ে ‘এ’ দলের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচে একদিনে ২১ উইকেট পড়েছিল। সকালের দিকে পেসাররা দারুন সুবিধা পায় এখান থেকে।”
দুই ওপেনার নাজমুস সাদাত (১৬) ও নাজিমউদ্দিন (১২) ২৯ রান তুলে ফেলার পরই ধ্বসের শুরু। আরো চার রান যোগ করতেই এক ঝটকায় ৬ উইকেট হারানোর ধাক্কাটা মাহমুদকে দিয়েই শুরু। নিজের প্রথম বলে সাদাতকে উইকেটের পেছনে ক্যাচ বানানোর এক বল পর আবার তার ইনকাটারে বোল্ড অন্য ওপেনারও। দুই ওপেনারই আবাহনীর ইনিংসের টপ স্কোরার! মাহমুদের পরের ওভারে কাট করতে গিয়ে পয়েন্টে নাদীফ চৌধুরীর অবিশ্বাস্য এক ক্যাচে শেষ হয় ব্যাটিংয়ে আবাহনীর অন্যতম ভরসা তুষার ইমরানের ইনিংসও (২)। ওই ক্যাচটাকে মাহমুদ দিয়েছেন দারুণ এক স্বীকৃতি, “ঢাকার ক্রিকেটে এত সুন্দর ক্যাচ মনে হয় আর কেউ নেয়নি।”
এমন ক্যাচ দেখার পর মাহমুদ সুন্দর ফিল্ডিংয়ের নমুনা হিসেবে দুটো রান আউটও দেখেছেন। তাই আবাহনীর ৭৪ রানে অলআউট হয়ে যাওয়াতে অস্বাভাবিকতা নেই। আবাহনীর ইনিংসের শেষ উইকেটটাও তুলে নেওয়ায় মাহমুদের বোলিং ফিগারটা হয়ে যায় ঈর্ষনীয়ই-৩.৫-০-১৭-৪!
এরপর ডিওএইচএসও ধুঁকতে শুরু করেছিল, বিশেষ করে আবাহনীর পেসারদের বিপক্ষে। সে জন্যই ম্যাচশেষে আবাহনী কোচ আমিনুল ইসলাম আরেকজন পেসারের শুন্যতা অনুভব করছিলেন বেশ,“আরেকটা পেসার থাকলে ম্যাচটা হয়তো জিতেই যেতাম।” দুটো ক্যাচ না পড়লে এবং একটা রানআউটের সুযোগ মিস না করলে আমিনুলের কথা ফলেও যেতে পারতো। ১৬-তম ওভারে থার্ডম্যানে সোহরাওয়ার্দী শুভ ফেলেছেন মাহমুদের সহজ ক্যাচও। ডিওএইচএসের রান তখন ৫৮। এভাবে জীবন ফিরে পাওয়ার পর কী আর ম্যাচ না জিতিয়ে ফেরেন মাহমুদ! ১৬ বলে তিন বাউন্ডারিতে ম্যাচেরই সর্বোচ্চ ২৩ রান, তার আগে সেরা বোলিং-মাহমুদের ম্যাচেরও সেরা না হওয়ার কোনো কারণ ছিল না।
একই কথা বলতে হবে আফতাব আহমেদের ক্ষেত্রেও। ওপেনার নাসিরুদ্দিন ফারুক (৪১) ও মাহমুদুল্লাহ রিয়াদরা (৩৪) ভিক্টোরিয়াকে ১১৬ রানে নিয়ে গেলেও তাদের ব্যাটিংয়ে বড় কিছু করার লক্ষ্যটা ঠিক ফুটে ওঠেনি। আগের ম্যাচে মাত্র ৬৪ বলে ১১ ছক্কায় ১৩৪ রান করে হইচই ফেলে দেওয়া জুনায়েদ ইমরোজ সিদ্দিকী আরেকটা ঝড় তোলেন কিনা তা দেখার অপেক্ষা এদিন বিফলে গেছে। মুখোমুখি হওয়া নিজের প্রথম বলেই বোল্ড হয়ে যান তিনি। এরপর ইমতিয়াজ (৩১)-আফতাব ৪৮ রান এবং আফতাব-হাবিবুল (১৮) ৬১ রানের জুটি। ব্যস, হেসেখেলেই ফাইনালের টিকেট নিশ্চিত করে ফেলে মোহামেডান। তিনটি করে বাউন্ডারি আর ছক্কায় ৫১ বলে আফতাবের অপরাজিত ৫৭ রানের ইনিংসটা ছিল তার দলের সেই টিকেট কাটার চেক!
সংক্ষিপ্ত স্কোর
প্রথম সেমিফাইনাল
আবাহনী : ১৮.৫ ওভারে ৭৪/১০ (সাদাত ১৬, নাজিম ১২, মাসুদ ১০, জিয়াউর ১১*, শাহাদাত ১/১৫, নাজমুল ১/১৯, মাহমুদ ৪/১৭, রাজ্জাক ১/১১, ডলার ১/১১)
ডিওএইচএস : ১৮.২ ওভারে ৭৭/৫ (তামিম ১৬, এহসানুল ১০, নাদিফ ১৪, আকরাম ৫, মাহমুদ ২৩*, জিয়াউর ১/১৩, শাহজাদা ১/১৪, মাঞ্জারুল ১/১৬, শুভ ১/২১)
ফল : ডিওএইচএস ৫ উইকেটে জয়ী
ম্যান অফ দি ম্যাচ : খালেদ মাহমুদ (ডিওএইচএস)
দ্বিতীয় সেমিফাইনাল
ভিক্টোরিয়া : ২০ ওভারে ১১৬/৫ (ফারুক ৪১, রিয়াদ ৩৪, মঞ্জুরুল ১/১৬, হাসিবুল ২/২০, আরাফাত ১/২২)
মোহামেডান : ১৬.৪ ওভারে ১১৯/৩ (ইমতিয়াজ ৩১, আফতাব ৫৭*, হাবিবুল ১৮, শুভ্র ২/১৩, মিলন ১/২৩)
ফল : মোহামেডান ৭ উইকেটে জয়ী
ম্যান অফ দি ম্যাচ : আফতাব আহমেদ (মোহামেডান)
